Logo

আন্তর্জাতিক    >>   নেতানিয়াহুকে ‘বদ্ধ পাগল’ বললেন ডোনাল্ড ট্রাম্প

নেতানিয়াহুকে ‘বদ্ধ পাগল’ বললেন ডোনাল্ড ট্রাম্প

নেতানিয়াহুকে ‘বদ্ধ পাগল’ বললেন ডোনাল্ড ট্রাম্প

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং হিজবুল্লাহকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু-এর মধ্যে উত্তপ্ত ফোনালাপ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে সম্ভাব্য বড় ধরনের হামলার পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হন ডোনাল্ড ট্রাম্প এবং তাকে কড়া ভাষায় সতর্ক করেন।

অ্যাক্সিওসের বরাতে বিভিন্ন গণমাধ্যম জানায়, লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে দুই নেতার মধ্যে তীব্র বাকবিনিময় হয়। ডোনাল্ড ট্রাম্প মনে করেন, এ ধরনের পদক্ষেপ ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ও সম্ভাব্য সমঝোতা প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়, ফোনালাপের এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ‘পুরোপুরি পাগল’ বলে উল্লেখ করেন এবং বলেন, তার কর্মকাণ্ডের কারণে বিশ্বব্যাপী ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি তিনি অভিযোগ করেন, নেতানিয়াহু অপ্রয়োজনীয়ভাবে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছেন। যুক্তরাষ্ট্রের একটি সূত্রের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, “তুমি কী করছ?” এবং লেবানন পরিস্থিতি নিয়ে তার প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে, ডোনাল্ড ট্রাম্প বৈরুতে সম্ভাব্য হামলার বিরোধিতা করেন এবং বেসামরিক হতাহতের আশঙ্কা নিয়ে উদ্বেগ জানান। বিশেষ করে একজন হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করে একটি ভবন ধ্বংসের পরিকল্পনার সমালোচনা করেন তিনি। একই সঙ্গে তিনি ইসরায়েলকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা স্বীকার করেছেন যে, হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের দিকে একাধিক হামলা হয়েছে এবং আত্মরক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে। তা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের ধারণা, সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি প্রতিক্রিয়া মাত্রাতিরিক্ত ছিল, যা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। ফোনালাপের পর এক ইসরায়েলি কর্মকর্তা জানান, বৈরুতে বড় ধরনের হামলার পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে ইসরায়েল। পরে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, নেতানিয়াহুর সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং বৈরুতে বড় ধরনের কোনো হামলা হবে না।

অন্যদিকে নেতানিয়াহু জানিয়েছেন, হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে বৈরুতের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে দ্বিধা করবে না ইসরায়েল। একই সঙ্গে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানও পরিকল্পনা অনুযায়ী চলবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে, অ্যাক্সিওসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফোনালাপের সময় ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে অকৃতজ্ঞ বলেও অভিযুক্ত করেন। যদিও এ বিষয়ে মন্তব্যের অনুরোধে নেতানিয়াহুর কার্যালয় কোনো প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, গত এপ্রিলের মাঝামাঝি থেকে কার্যকর যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ইরানকে ঘিরে চলমান কূটনৈতিক আলোচনা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সূত্র: টাইমস অব ইসরায়েল, বিডি২৪লাইভ ডট কম, জাগোনিউজ