Logo

আন্তর্জাতিক    >>   ফেসবুক থেকে নরেন্দ্র মোদির ভিডিও উধাও, ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

ফেসবুক থেকে নরেন্দ্র মোদির ভিডিও উধাও, ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

ফেসবুক থেকে নরেন্দ্র মোদির ভিডিও উধাও, ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ভারতে ফেসবুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে সরিয়ে নেওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি ব্লক হয়ে গিয়েছিল। পরে সেটি পুনরায় ফেসবুকে ফিরিয়ে আনা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র জানায়, ভিডিও সরিয়ে নেওয়ার ঘটনার ব্যাখ্যা ভারত সরকারকে দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “ভুলবশত এই কনটেন্ট সরিয়ে ফেলা হয়েছিল। পরে সেটি আবার ফিরিয়ে দেওয়া হয়েছে।”

তবে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার। ভিডিওটি কেন সরানো হয়েছিল এবং মেটার ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য, তা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে মেটার প্রতিনিধিদের এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে ব্যাখ্যা চাওয়া হতে পারে বলেও জানা গেছে। যদিও ভারত সরকার বা মেটা এখনো এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য করেনি।

গত ২৩ জুলাই ফেসবুকে প্রকাশিত ভিডিওটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি শিক্ষার্থী সমাবেশে দেওয়া বক্তব্য ছিল। সেখানে তিনি তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জির উদ্দেশে বক্তব্য দেন এবং প্রশ্নপত্র ফাঁস রোধে সরকার আরও কঠোর ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেন।

ভিডিওটি সাময়িকভাবে সরিয়ে দেওয়ার সময় ভারতের কিছু ব্যবহারকারী একটি নোটিশ দেখতে পান, যেখানে বলা হয়েছিল যে আইনি অনুরোধের কারণে সংশ্লিষ্ট অঞ্চলে ভিডিওটির প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। তবে পরে মেটা স্পষ্ট করে জানায়, এটি কোনো ইচ্ছাকৃত সিদ্ধান্ত ছিল না; প্রযুক্তিগত সমস্যার কারণেই ভিডিওটি ভুলভাবে সরিয়ে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ভিডিওটি সরিয়ে নেওয়ার আগে কয়েক মিলিয়ন বার দেখা হয়েছিল। প্রযুক্তিগত ত্রুটি সংশোধনের পর সেটি আবারও ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করে দেয় মেটা।