Logo

আন্তর্জাতিক    >>   ডোনাল্ড ট্রাম্পের সম্মতিতে নিজ দেশেই প্যাট্রিয়ট উৎপাদনের লাইসেন্স পাচ্ছে ইউক্রেন

ডোনাল্ড ট্রাম্পের সম্মতিতে নিজ দেশেই প্যাট্রিয়ট উৎপাদনের লাইসেন্স পাচ্ছে ইউক্রেন

ডোনাল্ড ট্রাম্পের সম্মতিতে নিজ দেশেই প্যাট্রিয়ট উৎপাদনের লাইসেন্স পাচ্ছে ইউক্রেন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে ইউক্রেনকে প্যাট্রিয়ট (Patriot) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর উৎপাদনের লাইসেন্স দিতে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ জুলাই) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ তথ্য জানান। তিনি বলেন, চলতি মাসে তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে এ বিষয়ে যে আলোচনা শুরু হয়েছিল, হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠকে তা আরও এগিয়ে নেওয়া হয়েছে।

জেলেনস্কি বলেন, “আঙ্কারায় ইউক্রেনকে প্যাট্রিয়ট উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আরও বেশি এবং দ্রুত এসব ব্যবস্থা প্রয়োজন।” তিনি জানান, হোয়াইট হাউজে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প তার এ অনুরোধে সম্মতি দিয়েছেন।

জেলেনস্কির ভাষায়, “আজ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। তিনি সম্মত হয়েছেন যে, ইউক্রেনকে লাইসেন্স দেওয়া হবে।”

বৈঠকের পর যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সেখানে প্যাট্রিয়টসহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের সম্ভাব্য যৌথ উৎপাদন নিয়ে আলোচনা হয়।

তিনি বলেন, “আমি আশা করি আমরা যৌথ উৎপাদনে যেতে পারব। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কি জানান, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সিনেটরদের সঙ্গে ইউক্রেনের জরুরি আকাশ প্রতিরক্ষা প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

তিনি বলেন, “আমাদের সবচেয়ে বড় প্রয়োজন অ্যান্টি-ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের কী প্রয়োজন, তা আমি আজ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করেছি।”

দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে অনুরোধের পর চলতি মাসে ইউক্রেনকে প্যাট্রিয়ট উৎপাদনের লাইসেন্স দেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে বহুবার নিজ দেশে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর তৈরির অনুমতি চাইলেও ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি।

তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে যৌথ বিবৃতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট তৈরির অধিকার দেবে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইউক্রেনের শহর, বিদ্যুৎ অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় এই দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।