কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ: হান্নান শাহর কবরে শ্রদ্ধা নিবেদন, উন্নয়ন-সুশাসনের প্রতিশ্রুতি; গণসংযোগে ব্যাপক সাড়া
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন বাংলাদেশ সরকারের নবনিযুক্ত সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. এ. হান্নান শাহর কবরে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়ার মাধ্যমে তিনি তার নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।
গত ২৫ জুলাই ২০২৬ শনিবার বাদ আসর অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক রাজনৈতিক কর্মী, শুভানুধ্যায়ী, সামাজিক ও পেশাজীবী ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ বলেন, জনগণের আস্থা ও অংশগ্রহণকে ভিত্তি করেই একটি আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং উন্নত কাপাসিয়া গড়ে তুলতে চান তিনি। এজন্য তিনি দল-মত-ধর্ম নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, পরামর্শ ও সমর্থন কামনা করেন।
প্রার্থিতা ঘোষণার আগে তিনি উপজেলা সদর, তরগাঁও ও ঘাগাটিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় এবং সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপকালে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, যোগাযোগ অবকাঠামো, কর্মসংস্থান, যুব উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং আধুনিক স্থানীয় সরকার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কান্দানিয়া গ্রামের সন্তান অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ দীর্ঘদিন আইন পেশায় সুনামের সঙ্গে কাজ করেছেন। সম্প্রতি বাংলাদেশ সরকার তাকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়। এর আগে তিনি কাপাসিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করে রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রাখেন।
তিনি নিউইয়র্কের বিশিষ্ট কমিউনিটি লিডার মো. শাহজাহান শেখের ভাই। রাজনৈতিক, সামাজিক ও আইন পেশায় তার দীর্ঘ সম্পৃক্ততা এবং স্থানীয় জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে উপজেলা নির্বাচনে একজন আলোচিত প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে বলে স্থানীয় মহলে আলোচনা রয়েছে।
এদিকে প্রার্থিতা ঘোষণার পর থেকেই তার সমর্থনে বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও নির্বাচনী প্রস্তুতি জোরদার হয়েছে। সমর্থকদের প্রত্যাশা, সততা, দক্ষতা, আইনি অভিজ্ঞতা এবং জনকল্যাণে কাজ করার মানসিকতা নিয়ে অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ কাপাসিয়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখতে পারবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকারে দক্ষ, জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার প্রশ্নে কাপাসিয়া উপজেলা পরিষদের আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই প্রেক্ষাপটে অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখের প্রার্থিতা ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।



















