Logo

ইউএসএ নিউজ    >>   ঐক্য, সেবা ও অগ্রগতির প্রত্যয়ে শক্তিশালী PBCA গড়ার আহ্বান জানালেন যোসেফ বিকাশ ডি’কস্তা

ঐক্য, সেবা ও অগ্রগতির প্রত্যয়ে শক্তিশালী PBCA গড়ার আহ্বান জানালেন যোসেফ বিকাশ ডি’কস্তা

ঐক্য, সেবা ও অগ্রগতির প্রত্যয়ে শক্তিশালী PBCA গড়ার আহ্বান জানালেন যোসেফ বিকাশ ডি’কস্তা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ঐক্যবদ্ধ নেতৃত্ব, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এবং আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে PBCA-এর সদস্যদের প্রতি মূল্যবান ভোট ও সার্বিক সমর্থনের আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃত্বপ্রত্যাশী যোসেফ বিকাশ ডি’কস্তা।

এক বিবৃতিতে তিনি বলেন, একটি সংগঠন কেবল একটি প্রতিষ্ঠানের নাম নয়; এটি একটি পরিবারের মতো, যেখানে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সহযোগিতা এবং আস্থাই সবচেয়ে বড় শক্তি। সেই শক্তিকে আরও সুসংহত করেই তিনি PBCA-কে একটি আধুনিক, গতিশীল, স্বচ্ছ ও সেবামুখী সংগঠনে রূপান্তরিত করতে চান।

যোসেফ বিকাশ ডি’কস্তা বলেন, তাঁর নেতৃত্বে PBCA হবে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের উদ্যম একসঙ্গে সংগঠনের অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করবে। নতুন প্রজন্মকে সংগঠনের মূলধারায় সম্পৃক্ত করা, সাংস্কৃতিক ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ, কমিউনিটির মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণই হবে তাঁর অঙ্গীকার।

তিনি বলেন, PBCA-এর প্রতিটি সদস্যই এই পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। সদস্যদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক নেতৃত্বের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলা হবে। তিনি বিশ্বাস করেন, সম্মিলিত উদ্যোগই একটি সংগঠনকে সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিতে পারে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু বর্তমানকে এগিয়ে নেওয়া নয়, আগামী প্রজন্মের জন্য একটি সুদৃঢ়, মর্যাদাপূর্ণ ও ঐতিহ্যসমৃদ্ধ PBCA রেখে যাওয়া। আমরা চাই আমাদের সন্তানরা গর্বের সঙ্গে এই সংগঠনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পারে এবং প্রবীণরা অনুভব করুন যে তাঁদের দীর্ঘদিনের শ্রম ও অবদান যথাযথ মর্যাদা পাচ্ছে।

যোসেফ বিকাশ ডি’কস্তা বলেন, একটি সংগঠনের প্রকৃত শক্তি তার সদস্যদের ঐক্য ও পারস্পরিক বিশ্বাসে নিহিত। তাই ব্যক্তি নয়, সংগঠনকে প্রাধান্য দিয়ে সবাইকে এক কাতারে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং সম্প্রীতির পরিবেশ বজায় রেখে PBCA-কে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি PBCA-এর সকল সদস্যের প্রতি বিনীতভাবে তাঁদের মূল্যবান ভোট ও দোয়া কামনা করে বলেন, আসুন আমরা সবাই মিলে এমন একটি সংগঠন গড়ে তুলি, যা আগামী দিনের জন্য হবে ঐক্যের প্রতীক, সেবার অনন্য দৃষ্টান্ত এবং প্রবাসী কমিউনিটির গর্ব।

তিনি তাঁর বক্তব্যের শেষে সংগঠনের মূলমন্ত্র পুনর্ব্যক্ত করে বলেন, ঐক্যই আমাদের শক্তি, সেবাই আমাদের লক্ষ্য, অগ্রগতিই আমাদের ভবিষ্যৎ। এই মূলমন্ত্রকে ধারণ করেই তিনি একটি শক্তিশালী, সমৃদ্ধ ও সবার জন্য উন্মুক্ত PBCA গড়ে তুলতে সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।