৩১ অক্টোবর ভার্জিনিয়ায় প্রাক্তন নটরডেমিয়ানদের আন্তর্জাতিক সম্মেলন—বিশ্বজুড়ে নটরডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা; নিবন্ধন ও হোটেল বুকিংয়ের আহ্বান
প্রজ্ঞা নিউজ ডেস্ক | হাকিকুল ইসলাম খোকন :
বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নটরডেম কলেজ, ঢাকা-এর প্রাক্তন শিক্ষার্থীদের বৈশ্বিক মিলনমেলা বাংলাদেশ নটরডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকা (BNDANA)-এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নটরডেমিয়ান সম্মেলন–২০২৬। আগামী ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আরলিংটন শহরে দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনকে সফল ও প্রাণবন্ত করে তুলতে গত ২৭ জুলাই (সোমবার) উত্তর আমেরিকার নটরডেম কলেজ অ্যালামনাই সম্মেলন কমিটির এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা, নিবন্ধন কার্যক্রম, অতিথি অভ্যর্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ এবং সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আয়োজকরা জানান, এবারের সম্মেলন শুধু একটি পুনর্মিলনী নয়; এটি হবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নটরডেমিয়ানদের পারস্পরিক বন্ধন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার এক অনন্য প্ল্যাটফর্ম। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আনন্দে প্রাক্তন শিক্ষার্থীরা ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ নিয়ে সম্মেলনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে এই মিলনমেলায় যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
যারা এখনও নিবন্ধন সম্পন্ন করেননি, তাদের দ্রুত নিবন্ধন করার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি। পৃথিবীর যে কোনো দেশ থেকে অংশগ্রহণে আগ্রহীরা Bangladesh Notre Dame Alumni North America (BNDANA)-এর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন এবং হোটেল বুকিং করতে পারবেন।
এছাড়া সম্মেলনসংক্রান্ত তথ্যের জন্য (২৬৭) ২৫৫-৫৬০৫ অথবা (৪১০) ৪৪০-৭০৪৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ থেকে সম্মেলনে অংশগ্রহণ, স্পন্সরশিপ এবং পণ্য প্রদর্শনীর স্টল বরাদ্দের বিষয়ে আগ্রহীদের বাংলাদেশ টিমের সমন্বয়কারী স্থপতি মোহাম্মদ আল আমিন-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এ জন্য তার মোবাইল নম্বর ০১৭১১-৫৩০২৯৮ ব্যবহার করা যাবে।
আয়োজক সূত্রে জানা যায়, বাংলাদেশ টিমের সমন্বয়কারী স্থপতি মোহাম্মদ আল আমিন ইতোমধ্যে নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত-এর সঙ্গে সাক্ষাৎ করে সম্মেলনের সার্বিক পরিকল্পনা ও প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন এবং তাঁর শুভেচ্ছা ও সহযোগিতা কামনা করেছেন।
আলোচকরা আশা প্রকাশ করেন, এবারের আন্তর্জাতিক সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের প্রাক্তন নটরডেমিয়ান এবং তাঁদের পরিবারের সদস্যদের এক মহামিলনমেলায় পরিণত হবে। পাশাপাশি নটরডেম কলেজের শিক্ষা, মূল্যবোধ ও ভ্রাতৃত্বের ঐতিহ্যকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















