সৌদি-তুরস্ক-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি আজ, জেদ্দায় বসছেন এমবিএস-এরদোয়ান-শাহবাজ
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে যৌথ প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ত্রিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। শুক্রবার (৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় চুক্তিটি সই হওয়ার কথা রয়েছে।
বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিন দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা চললেও সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির পর চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হয়েছে। সৌদি সামরিক বাহিনী ও সরকারের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানিয়েছে, সামরিক ও কূটনৈতিক সংবেদনশীলতার কারণে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও শুক্রবারই চুক্তি স্বাক্ষর হবে।
চুক্তি স্বাক্ষরের পাশাপাশি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সৌদি আরবে পৌঁছেছেন। তারা আগামী ৯ আগস্ট পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন। অন্যদিকে শুক্রবার জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের। তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সফরকালে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেছেন, ৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হচ্ছে। উপসাগরীয় অঞ্চলের বর্তমান সংকটের প্রেক্ষাপটে সফরটি গুরুত্বপূর্ণ হলেও এর লক্ষ্য কেবল তাৎক্ষণিক পরিস্থিতি মোকাবিলা নয়, বরং দীর্ঘমেয়াদি আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী করা।
বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সংঘাতের প্রভাব পারস্য উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ার পাশাপাশি হরমুজ প্রণালি ও লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ নৌপথেও জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছে তুরস্কও। বিশ্লেষকদের মতে, এই প্রেক্ষাপটে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা সহযোগিতা মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এর আগে ২০২৫ সালে সৌদি আরব ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা সহযোগিতার ঘোষণা দিয়েছিল। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র পাকিস্তানকে ঘিরে সেই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সূত্র: এনডিটিভি, এএফপি, জাগোনিউজ



















