গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস আঞ্চলিক কমিটি গঠন: ১১ অক্টোবর লন্ডনে কেন্দ্রীয় সম্মেলন ও ‘সিলেটি উৎসব’
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বিশ্বজুড়ে সিলেটবাসীর ঐক্য, সিলেটের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং প্রবাসী সিলেটিদের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন করা হয়েছে।
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গত ১৬ আগস্ট ইংল্যান্ডের বার্মিংহামে সংগঠনের এক প্রতিনিধি সম্মেলনে নতুন এই আঞ্চলিক কমিটি গঠন করা হয়। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনটি যৌথভাবে পরিচালনা করেন যুবসংগঠক শাহ শাফি কাদির ও ক্রিকেটার সৈয়দ ছায়েম করিম।
সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কো-কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, উপদেষ্টা সুরাবুর রহমান, মধু মিয়া, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, আমিনুল ইসলাম বেলাল, জয়নাল ইসলাম, মুজিবুর রহমান, জহির আলী ও রকিবুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
কাউন্সিল অধিবেশনে মোহাম্মদ আশিক মিয়াকে কনভেনর, ড. জসিম আহমেদ জোশকে কো-কনভেনর এবং বাদরুল আলম চৌধুরী, জুবায়ের আলম, আমিনুর রহমান সুমন, জাহাঙ্গীর বখত, বদরুজ্জামান বদর, এরশাদ আলী ও গিয়াস মিয়াকে জয়েন্ট কনভেনর নির্বাচিত করা হয়।
এছাড়া মো. আব্দুল মুহিতকে সদস্য সচিব, ফখরুল ইসলাম রিপন, মুরাদউদ্দিন আহমেদ শারীফ, মোহাম্মদ আলী, ইকবাল হোসেন ও মোজাম্মেল হোসেন মিয়াকে সহকারী সচিব, রফিকুর রহমান রফুকে অর্থ সচিব এবং রুহুল আহমদ লিটনকে সহকারী অর্থ সচিব করা হয়।
৪১ সদস্যবিশিষ্ট ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটির নাম ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা করতালির মাধ্যমে নতুন কমিটির প্রতি সমর্থন জানান।
নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, সিলেট তাঁদের প্রাণের টান, গৌরব ও ঐতিহ্যের ঠিকানা। সিলেটবাসীর ভালোবাসা, আস্থা ও সমর্থনকে সঙ্গে নিয়ে ঐক্য, সেবা ও মানবিক কল্যাণের লক্ষ্যে তাঁরা কাজ করে যাবেন। সিলেটবাসীর অধিকার আদায়, সামাজিক কল্যাণ এবং প্রবাসে নতুন প্রজন্মের কাছে সিলেটের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ ও কমিউনিটি প্রতিনিধিরাও নতুন কমিটির মাধ্যমে ওয়েস্ট মিডল্যান্ডসে সিলেটি কমিউনিটির কল্যাণে ইতিবাচক ও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে নতুন কমিটির পক্ষ থেকে ভবিষ্যৎ কার্যক্রমে সবার সক্রিয় সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।
এদিকে, সম্মেলনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ঘোষণা করেন, আগামী ১১ অক্টোবর লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা ‘সিলেটি উৎসব’ অনুষ্ঠিত হবে।
তিনি কেন্দ্রীয় সম্মেলন ও সিলেটি উৎসবকে সফল করতে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত সিলেটবাসী এবং সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সংবাদ প্রেরক : ফখরুল ইসলাম রিপন ।



















