Logo

ইউএসএ নিউজ    >>   হলিউডের সংকট কাটাতে সরকারি প্রণোদনার উদ্যোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

হলিউডের সংকট কাটাতে সরকারি প্রণোদনার উদ্যোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

হলিউডের সংকট কাটাতে সরকারি প্রণোদনার উদ্যোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের দীর্ঘদিনের সংকট কাটিয়ে বিদেশে চলে যাওয়া প্রযোজনা দেশে ফিরিয়ে আনতে সরকারি প্রণোদনা চালুর উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে এ ধরনের সরকারি সহায়তা প্রয়োজন। ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছে হলিউডের তিন প্রভাবশালী শ্রমিক ইউনিয়ন—ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স অব থিয়েট্রিক্যাল স্টেজ এমপ্লয়িজ (আইএটিএসই), স্ক্রিন অ্যাক্টরস গিল্ড-আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টস (এসএজি-আফট্রা) এবং টিমস্টার্স লোকাল ৩৯৯। একই সঙ্গে তারা দ্রুত এ বিষয়ে আইন পাস করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে।

ইউনিয়নগুলোর মতে, সরকারি প্রণোদনা চালু হলে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা বাড়বে। এর ফলে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসাগুলোও উপকৃত হবে। এসএজি-আফট্রার সভাপতি শন অ্যাস্টিন এবং জাতীয় নির্বাহী পরিচালক ডানকান ক্র্যাবট্রি-আয়ারল্যান্ড এক যৌথ বিবৃতিতে বলেন, প্রযোজনাই বিনোদন শিল্পের প্রাণশক্তি। তাদের মতে, শিল্পটিকে পুনরুজ্জীবিত করতে ট্রাম্পের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এই উদ্যোগের পেছনে অভিনেতা ও ইউনিয়ন সদস্য জন ভয়েটেরও ভূমিকা রয়েছে বলে জানিয়েছে এসএজি-আফট্রা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হলিউডের বিশেষ রাষ্ট্রদূতের দায়িত্ব দিয়েছেন।

বিদেশে চলে যাচ্ছে প্রযোজনা

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিনোদন শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর অভিযোগ, চলচ্চিত্র ও টেলিভিশনের অনেক প্রযোজনা এখন কানাডাসহ অন্যান্য দেশে চলে গেছে। এতে হলিউডের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্পটিকে ঘুরে দাঁড় করাতে কর ছাড়েরও পরামর্শ দিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, সরকার প্রণোদনা হিসেবে যে অর্থ দেবে, ভবিষ্যতে তার চেয়ে অনেক বেশি রাজস্ব ফেরত আসতে পারে।

তবে প্রস্তাবিত প্রণোদনার পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। এ বিষয়ে কংগ্রেসের নেতাদের সঙ্গে আলোচনা চলছে। ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফও চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের জন্য আর্থিক সহায়তা আইন পাসের পক্ষে অবস্থান নিয়েছেন।

ক্যালিফোর্নিয়াতেও বাড়ানো হয়েছে কর ছাড়

হলিউডের আন্তর্জাতিক প্রতিযোগিতা বাড়ায় ক্যালিফোর্নিয়া সরকারও চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে কর ছাড়ের পরিমাণ বাড়িয়েছে। মহামারি, হলিউডের ধর্মঘট এবং লস অ্যাঞ্জেলেসের দাবানলের প্রভাব কাটিয়ে শিল্পটিকে পুনরুজ্জীবিত করতে ২০২৫-২৬ অর্থবছর থেকে রাজ্যটি ফিল্ম ও টেলিভিশন কর ছাড়ের পরিমাণ বাড়িয়ে ৭৫০ মিলিয়ন ডলার করেছে। এর আগে ২০২৫ সালে বিদেশে নির্মিত সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সেই অবস্থান থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনা ফিরিয়ে আনতে সরকারি প্রণোদনার ওপর জোর দিচ্ছেন তিনি।

মোশন পিকচার অ্যাসোসিয়েশনের (এমপিএ) প্রধান চার্লস রিবকিনও উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁর মতে, সরকারি প্রণোদনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে আবারও চলচ্চিত্র নির্মাণ বাড়ানো সম্ভব হবে। সূত্র: জাগোনিউজ