Logo

অর্থনীতি    >>   ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ: যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে আবার সৌদি আরব

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ: যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে আবার সৌদি আরব

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ: যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে শীর্ষে আবার সৌদি আরব

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে রেমিট্যান্স বেড়েছে ৫২৬ কোটি ডলার

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন আমেরিকান ডলার। আগের অর্থবছরের তুলনায় রেমিট্যান্স বেড়েছে ৫ হাজার ২৬০ দশমিক ৫৮ মিলিয়ন ডলার। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে সংরক্ষিত আসন-১০-এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির তারকাচিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে একক দেশ হিসেবে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন আমেরিকান ডলার।

এর আগের অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল যুক্তরাষ্ট্র থেকে। ওই সময়ে দেশটি থেকে বাংলাদেশে এসেছিল ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার। তবে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে ৩ হাজার ১৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে নেমে এসেছে। ফলে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় যুক্তরাষ্ট্র পঞ্চম স্থানে চলে গেছে।

অন্যদিকে, আলোচ্য অর্থবছরে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে রেমিট্যান্স এসেছে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার। আর মালয়েশিয়া থেকে এসেছে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার। প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম প্রধান উৎস। অর্থবছর শেষে রেমিট্যান্সের এই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সূত্র: জাগোনিউজ