বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬: মাঈন উদ্দিন নটুর প্রার্থিতা নিয়ে বৃহত্তর নোয়াখালীর নেতৃবৃন্দের মতবিনিময়
প্রজ্ঞা নিউজ ডেস্ক, হাকিকুল ইসলাম:
বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬কে সামনে রেখে নিউইয়র্কের ওজন পার্কের রাঁধুনি রেস্টুরেন্টে বৃহত্তর নোয়াখালী, চাটখিলসহ বিভিন্ন অঞ্চলের নেতৃবৃন্দের সঙ্গে স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মাঈন উদ্দিন নটুর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় কুনু-ফিরোজ পরিষদ থেকে স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মাঈন উদ্দিন নটুর প্রার্থিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বাংলাদেশ সোসাইটির শিক্ষা ও সামাজিক কার্যক্রম, প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আসন্ন নির্বাচন নিয়ে তাঁদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার মনিরুল ইসলাম কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএফ-বাংলাদেশের সংগঠক ও ফেসবুক অ্যাক্টিভিস্ট হাজী আনোয়ার হোসেন লিটন, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন মামুন, চাটখিলের কৃতী সন্তান ও সমাজসেবক হুমায়ুন কবির, চাটখিল উপজেলা সোসাইটির আহ্বায়ক হেলাল উদ্দিন, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সহ-সভাপতি সালেহ আহমদ রুবেল, চাটখিল সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিরন এবং জাগফারের সভাপতি রহমতুল্লাহ, সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মামুনুর রশিদ বাবু, নুর আলম সেলিম, মো. হানিফ, মো. ফারুক চৌধুরী কনক, মো. ফারুক, নুর জালাল, শফিকুল ইসলাম, শওকত আকবর, ফাহাদ হোসেন, শাহ স্বপন, শিহাব-বিন ওয়াসেক, রাজিব হোসেন, ইব্রাহিম খলিল, জহিরুল ইসলাম সোহাগ, ইসমাইল হোসেন পলাশ, হুমায়ুন বাঙ্গালী, আহমেদ বাবুসহ বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালীর কৃতী সন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ মীর মারফতুল্লাহ সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাটখিল উপজেলা সোসাইটির সদস্য সচিব শরিফ হোসেন নিরব।
মতবিনিময় সভায় বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে ঘিরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মাঈন উদ্দিন নটুর প্রার্থিতা, শিক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করা, নতুন প্রজন্মকে বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখা এবং প্রবাসী কমিউনিটির কল্যাণে বাংলাদেশ সোসাইটির ভূমিকা নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
সভায় অংশ নেওয়া নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে মাঈন উদ্দিন নটুর প্রার্থিতা নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়।
সভা থেকে মাঈন উদ্দিন নটুর সমর্থকরা ২৫ অক্টোবর ২০২৬, রবিবার অনুষ্ঠিতব্য বাংলাদেশ সোসাইটি নির্বাচনে তাঁর প্রার্থিতার পক্ষে ভোটারদের সমর্থন কামনা করেন। পাশাপাশি কুনু-ফিরোজ পরিষদের প্রার্থীদের নির্বাচনী কর্মসূচি ও তাঁদের অঙ্গীকার সম্পর্কে ভোটারদের অবহিত করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটির মতো বৃহৎ কমিউনিটি সংগঠনের নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা, অভিজ্ঞতা, পরিকল্পনা ও কমিউনিটির প্রতি তাঁদের অঙ্গীকার বিবেচনা করে ভোটারদের সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ।



















