কবিতা: শরতের এক পড়ন্ত বিকেলে—চিংকী মহন্ত
শরতের এক পড়ন্ত বিকেলে
চিংকী মহন্ত (আসাম)
আর
গাছগুলোর
এত যত্নের পরেও
আবার একটা শরৎ আসতেই
পরিপক্ক পাতাগুলো চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো
পাতাঝরার ঋতুর সাথে।
আসলে গাছগুলোকে
ঋতুর পর ঋতু ধরে
বাঁচিয়ে রাখতে পারাটাই খুব কঠিন কাজ।
নিজেকেও!
সেই একই গতানুগতিকতায়
শরৎ আসে আর যায়।
দিনগুলোকে রোদে পুড়িয়ে
রাতগুলোকে শিশিরে ভিজিয়ে।
আঙুলের কড়া গুনে শেষ না হতেই
কেটে যায় উৎসবের দিনগুলো।
কচি বাঁশের ডগায় সূর্যটা ক্লান্ত হয়ে ঝুলে থাকা
শরতের এই পড়ন্ত বিকেলে
আমি আমাকে খুঁজে আকুল হচ্ছি।
কবে যে হারিয়ে ফেললাম আমার থেকে আমাকেই!
আজকাল শরতের বিকেলগুলো বড় নির্জন।
সামনের টেবিলে
খেতে ভুলে গিয়ে ঠাণ্ডা হয়ে যাওয়া আধকাপ চা আর
অবহেলায় পড়ে থাকা আধপড়া বইটার
না উল্টানো পৃষ্ঠাটার মতোই।
জানি না
এই পৃষ্ঠাটার পরের পৃষ্ঠায় বড় অক্ষরে
লেখা আছে কি না "সমাপ্ত"!



















