ভাঙ্গামন: লাবণ্য বিলাস
ভাঙ্গামন
লাবণ্য বিলাস
মন তো আমার কাঁদে না, কাঁদে শুধু চোখ,
গড়গড়িয়ে ঝরে জল, কান্না পলকে ঢোক।
কথা দিয়েছিল—আসবে,
আর তো সে এল না ফিরে,
মিথ্যা আশায় গড়া ঘর ভাঙে,
মন আর তো গাঁথে না তা নিয়ে।
পরান আমার জ্বলে-পুড়ে
তারই অপেক্ষায় হারায় সময়,
পাষাণ হৃদয় বেঁধে রেখে
সে চলে গেল দূর অগোচর প্রান্তে—
আর আমি?
আমি তো পাষাণী হতে পারিনি,
ভুলতে পারলাম না তাকে আজও।
দেহের টানে, মনের ছোঁয়ায়
পড়ে ছিল আমার কাছাকাছি,
দেহের ক্ষুধা মিটিয়ে শেষে
মনকে দিল প্রতারণার ফাঁকি,
চোখের আড়ালে পালিয়ে গেল
অচেনা, অজানা এক দূরদেশে।
মন দিয়ে ছিলাম তাকে,
ভেবেছিলাম, সেও বুঝবে মনের টান—
কিন্তু পাগল পুরুষ বুঝে না মন,
ছুটে চলে কেবলই দেহের সন্ধানে।
স্মৃতির খাতায় বাঁধব তাকে,
সেখানেই পার করব দিনরাত্রি—
এক আকাশের নিচে
দুইজন দুই প্রান্তে বসবাস করলেও,
প্রকৃতির বিচার তো একদিন
তাকেও ফেরাবে ফিরে,
এই অবলা নারীর সতীত্ব, ভালোবাসার
অবমূল্যায়নের দায় নিয়ে।
মিথ্যার এই খেলায়,
প্রতারণার মূল্যে তাকেই হবে কাঠগড়ায় দাঁড়াতে—
যমেলা এখন টানে তাকে
অভিশাপের বিষাক্ত বানে।
লাবণ্য বিলাস-নিউজার্সি


















