অভিষেক ও বর্ষবরণে প্রবাসে রাজবাড়ীর ঐতিহ্যের মিলনমেলা: রাজবাড়ী জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব ইউএসএ’র বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
প্রবাসে থেকেও শেকড়ের টান, জেলার ইতিহাস ও বাঙালি সংস্কৃতিকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো রাজবাড়ী জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন অব ইউএসএ–এর অভিষেক, বর্ষবরণ ও আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী রাজবাড়ীবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
ফরেস্ট হিলসের আগ্রা প্যালেস রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল–এর চেয়ারপারসন ও আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন–এর ডাইরেক্টর, বিশিষ্ট আইনজীবী অ্যাটর্নী মইন চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, প্রবাসে জেলা-ভিত্তিক সংগঠনগুলো শুধু সামাজিক বন্ধনই নয়, বরং নতুন প্রজন্মের মাঝে দেশের ইতিহাস, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আবিদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের কনভেনর ছিলেন মুহাম্মদ আব্দুস সালাম। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য সচিব মুস্তাফিজুর রহমান লিটন, সহ-সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রবাসী বাংলাদেশি সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও মিডিয়া কর্মীরা।
আলোচনা পর্বে বক্তারা রাজবাড়ী জেলার ঐতিহাসিক গুরুত্ব, শিক্ষা-সংস্কৃতিতে জেলার অবদান এবং প্রবাসে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এমন আয়োজন প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে সহায়ক ভূমিকা রাখে।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান, আবৃত্তি ও দেশাত্মবোধক পরিবেশনায় শিল্পীরা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। বর্ষবরণকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশে দেশীয় সংস্কৃতির নানা রঙ ফুটে ওঠে।
অনুষ্ঠান শেষে আয়োজকরা অংশগ্রহণকারী সকল অতিথি, শিল্পী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রবাসে রাজবাড়ীবাসীদের ঐক্য, সৌহার্দ্য ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



















