Logo

ইউএসএ নিউজ    >>   পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান চন্দন—জর্জিয়া স্টেট সিনেটের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বিপুল ভোটে বিজয়

পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান চন্দন—জর্জিয়া স্টেট সিনেটের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বিপুল ভোটে বিজয়

পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান চন্দন—জর্জিয়া স্টেট সিনেটের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে বিপুল ভোটে বিজয়

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রাজনীতিতে আবারও সাফল্যের স্বাক্ষর রাখলেন বাংলাদেশি-আমেরিকান রাজনীতিক শেখ রহমান চন্দন। জর্জিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৫ আসনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে পঞ্চম মেয়াদের জন্য মনোনয়ন লাভ করেছেন তিনি।
গত ১৯ মে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে শেখ রহমান চন্দন তাঁর জনপ্রিয়তা ও জনআস্থার প্রমাণ দিয়েছেন। নির্বাচনের প্রায় এক মাস আগে একটি দুর্ঘটনায় পায়ে আঘাত পাওয়ায় তিনি স্বাভাবিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেননি। তবুও ভোটারদের ব্যাপক সমর্থন তাঁর দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও জনসেবার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রাইমারিতে বিজয়ের পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেখ রহমান চন্দন বলেন, “সততা, ন্যায়নিষ্ঠা ও জনগণের সেবার আদর্শ নিয়ে সবসময় কাজ করেছি। এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি বলেই তারা আমাকে নিজেদের একজন হিসেবে গ্রহণ করেছেন। ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনৈতিক দর্শন। ভবিষ্যতেও সেই আদর্শ নিয়েই জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”
বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচরের সন্তান শেখ রহমান চন্দন ২০১৮ সালে প্রথমবারের মতো জর্জিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৫ আসন থেকে নির্বাচিত হন। সে সময় তিনি প্রতিদ্বন্দ্বী রবিন ম্যাককয়কে এক হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। এরপর ধারাবাহিকভাবে ভোটারদের আস্থা অর্জন করে তিনি এখন পঞ্চম মেয়াদের দ্বারপ্রান্তে পৌঁছেছেন।
আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে তাঁর বিজয়ের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ ডিস্ট্রিক্ট-৫ এলাকায় ডেমোক্র্যাট ভোটারের সংখ্যাই বেশি। বর্তমান মেয়াদ আগামী বছরের ১১ জানুয়ারি শেষ হওয়ার পর তিনি পঞ্চম মেয়াদের জন্য শপথ গ্রহণ করবেন।
জর্জিয়া স্টেট সিনেটে শেখ রহমান চন্দন সরকার-সংক্রান্ত তদারকি কমিটি, অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন, প্রাকৃতিক সম্পদ, পরিবেশ এবং নগর উন্নয়নবিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনী প্রচার টিমের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

নাবিলা ইসলাম পারকেস

এদিকে, জর্জিয়া স্টেট সিনেটের ডিস্ট্রিক্ট-৭ আসনের সিনেটর নাবিলা ইসলাম পারকেস লেফট্যানেন্ট গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তাঁর বর্তমান পদ ছেড়েছেন। ২০২২ সালে নির্বাচিত হয়ে তিনি জর্জিয়ার ইতিহাসে প্রথম মুসলিম নারী এবং সর্বকনিষ্ঠ স্টেট সিনেটর হিসেবে ব্যাপক আলোচনায় আসেন।
বাংলাদেশি বংশোদ্ভূত নাবিলা ইসলাম পারকেস যুক্তরাষ্ট্রের প্রগতিশীল রাজনৈতিক ধারার অন্যতম তরুণ মুখ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ ভোটারদের সমর্থনকে কাজে লাগিয়ে তিনি লেফট্যানেন্ট গভর্নর পদে বিজয়ী হলে জর্জিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম মুসলিম নারী হিসেবে এ পদ অলংকৃত করার গৌরব অর্জন করবেন।
সূত্র : হাকিকুল ইসলাম খোকন ।