আমেরিকা-ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আমেরিকা-ইরান ঘোষিত সংঘাত নিরসনের চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক। পাশাপাশি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আলোকে সব বিরোধের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি।
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মুখপাত্র লা নেইস কলিন্সের বরাত দিয়ে সোমবার (১৫ জুন) এ তথ্য জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি (এএ)। এক সংবাদ সম্মেলনে আনালেনা বেয়ারবকের মুখপাত্র লা নেইস কলিন্স বলেন, জাতিসংঘ মহাসচিবের বক্তব্য পুনর্ব্যক্ত করে আমেরিকা-ইরানের ঘোষিত চুক্তিকে স্বাগত জানিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী সংঘাত শেষে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আমেরিকা ও ইরান। হরমুজ প্রণালি ফের খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংঘাতে হাজার হাজার বেসামরিক মানুষ আহত হয়েছেন, ধ্বংস হয়েছে বেসামরিক অবকাঠামো। আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়ার সঙ্গে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে।
কলিন্স আরও বলেন, সংঘাত নিরসনে আমেরিকা-ইরানের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানিয়েছেন বেয়ারবক। পূর্ণভাবে যুদ্ধবিরতি মেনে চলতে সব পক্ষকে আহ্বান জানিয়েছেন তিনি। এর মধ্যে লেবাননে যুদ্ধবিরতির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের আলোকে সব বিরোধের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, এটিই একমাত্র উপায় যা মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আনতে পারে। এই অঞ্চলের সব দেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং নিরীহ মানুষের কষ্টের অবসান ঘটাতে পারে।
এর আগে, রবিবার (১৪ জুন) রাতে যুক্তরাষ্ট্র ও ইরান ঘোষণা দেয় যে, পাকিস্তানের মধ্যস্থতায় সামরিক অভিযান বন্ধের বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি হয়েছে। এর মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত। পাশাপাশি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও ইরানের নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়ও রয়েছে। আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে চুক্তিটি সই হওয়ার কথা। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি (এএ),জাগোনিউজ



















