কেন ইরানকে ১০০০ ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প?
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাকে হত্যা করা হলে বা হত্যার চেষ্টা চালানো হলে ইরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে (Truth Social)-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের দিকে ১,০০০টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনে এর সঙ্গে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র যুক্ত করা হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, বিশ্বের যেকোনো প্রান্তে ইরানের সরকার যদি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে হত্যা করে বা হত্যার চেষ্টা চালায়, তাহলে ইরানের বিরুদ্ধে প্রস্তুত রাখা ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হবে। তিনি আরও দাবি করেন, এ বিষয়ে তিনি আগেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নির্দেশনা দিয়েছেন এবং প্রয়োজনে এক বছরের জন্য ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা চালাতে বাহিনী প্রস্তুত রয়েছে।
এর আগে সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারেও ডোনাল্ড ট্রাম্প একই ধরনের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, তার কোনো ক্ষতি হলে ইরানের ওপর এমন বোমাবর্ষণ চালানো হবে, যা তারা আগে কখনও দেখেনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বেড়েছে। সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং ইরান থেকে সম্ভাব্য হুমকির প্রেক্ষাপটে তার এই বক্তব্য নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।



















