Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে দক্ষিণ এশিয়ার ঐক্যের মহামিলন: ৯ আগস্ট ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’

নিউইয়র্কে দক্ষিণ এশিয়ার ঐক্যের মহামিলন: ৯ আগস্ট ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’

নিউইয়র্কে দক্ষিণ এশিয়ার ঐক্যের মহামিলন: ৯ আগস্ট ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড’

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
“এক অঞ্চল, এক সংস্কৃতি, এক ভবিষ্যৎ”—এই মূলমন্ত্রকে সামনে রেখে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ‘সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ২০২৬’। আগামী ৯ আগস্ট রোববার কুইন্সের জ্যাকসন হাইটসে আয়োজিত এই বর্ণাঢ্য প্যারেডে দক্ষিণ এশিয়ার সাত দেশের প্রবাসীরা তাদের সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরবেন।
প্যারেড উপলক্ষে গত ৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় উডসাইডের গুলশান টেরেসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান, শাহ নেওয়াজ গ্রুপের কর্ণধার ও প্যারেডের গ্র্যান্ড মার্শাল শাহ নেওয়াজ, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, কমিউনিটি লিডার শাহ শহিদুল হক সাঈদ, কাজী আজহারুল হক মিলন, হারুন ভূইয়া, সাকিল মিয়া, মো. আলম নমি, মাকসুদ এইচ চৌধুরীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।


সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ৯ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কুইন্সের জ্যাকসন হাইটস এলাকায় ৩৭ অ্যাভিনিউয়ের ৬৯ স্ট্রিট থেকে ৮৭ স্ট্রিট পর্যন্ত এই প্যারেড অনুষ্ঠিত হবে। এতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের জাতীয় পতাকা, ঐতিহ্যবাহী পোশাক, সংগীত, সাংস্কৃতিক পরিবেশনা ও বর্ণিল সাজসজ্জার মাধ্যমে বহুজাতিক সংস্কৃতির অনন্য সমন্বয় তুলে ধরা হবে।
আয়োজকদের মতে, এটি শুধুমাত্র একটি শোভাযাত্রা নয়; বরং দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে এক মঞ্চে উপস্থাপনের একটি বৃহৎ আয়োজন। প্যারেডে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী পোশাক প্রদর্শন, বিভিন্ন দেশের খাবারের স্টল, লোকজ সংস্কৃতির উপস্থাপন এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা আয়োজন।
এবারের প্যারেডে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপের প্রবাসীরা নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরবেন। আয়োজকরা আশা করছেন, নিউইয়র্কের বহুজাতিক সমাজে দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেবে এই আয়োজন।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার মানুষের মধ্যে ভাষা, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের ভিন্নতা থাকলেও পারস্পরিক সম্মান, সহাবস্থান ও ঐক্যের বন্ধনই এই প্যারেডের মূল শক্তি। নিউইয়র্কে বসবাসরত দক্ষিণ এশীয় কমিউনিটির সদস্যদের পরিবার-পরিজনসহ অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
প্যারেড আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন দেওয়ান। সদস্য সচিব হিসেবে রয়েছেন সহ-সভাপতি মোহাম্মদ জামান এবং প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন শাহ শহিদুল হক। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শাহ এম. নেওয়াজ, সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
আয়োজকরা মনে করছেন, এই প্যারেড নিউইয়র্কে দক্ষিণ এশীয় কমিউনিটির ঐক্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ইতিবাচক পরিচিতি তুলে ধরার ক্ষেত্রে একটি স্মরণীয় অধ্যায় সৃষ্টি করবে।
সূত্র: USA ONLINE.COM