ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে!
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাঁর মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে (Truth Social) সাধারণ মানুষের কাছে প্রকাশের আগেই অর্থের বিনিময়ে পোস্ট দেখার সুযোগ দেওয়ার বিতর্কিত উদ্যোগের কারণে মামলাটি করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ম্যানহাটনের যুক্তরাষ্ট্রের জেলা আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলায় বলা হয়েছে, ট্রুথ সোশ্যালে প্রকাশিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্টগুলো প্রায়ই আর্থিক বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রুথ সোশ্যালে সরকারি ঘোষণা বা বাজারে প্রভাব ফেলতে পারে—এমন পোস্ট সাধারণের কাছে প্রকাশের আগেই দেখতে মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত অর্থ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাদীপক্ষের দাবি, এই উদ্যোগ অভূতপূর্ব, দুর্নীতিগ্রস্ত ও অসাংবিধানিক। ব্যবস্থা বন্ধ করতেই মামলাটি করা হয়েছে।
মামলাটি করেছে সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট মিডিয়া (The Intercept Media) এবং অলাভজনক সংগঠন ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন (Freedom of the Press Foundation)।
কীভাবে কাজ করবে ‘ট্রুথ এপিআই’?
ট্রুথ সোশ্যালের মূল প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (Trump Media & Technology Group) গত জুলাইয়ে ‘ট্রুথ এপিআই’ (Truth API) নামের একটি সেবা চালুর ঘোষণা দেয়। এর আওতায় মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার পরিশোধকারী গ্রাহকদের ট্রাম্পসহ নির্দিষ্ট ব্যবহারকারীদের এমন পোস্ট আগাম দেখার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে, যেগুলো বাজারে প্রভাব ফেলতে পারে।
মামলায় অভিযোগ করা হয়েছে, এই ব্যবস্থার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ সরকারি তথ্য থেকে ব্যক্তিগতভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে অর্থ দিতে সক্ষম ব্যক্তি বা প্রতিষ্ঠান সাধারণ মানুষের আগে বাজারে প্রভাব ফেলতে পারে—এমন তথ্য পাওয়ার সুযোগ পেতে পারে বলেও অভিযোগ করা হয়েছে।
মামলাকারীদের দাবি, এ ধরনের ব্যবস্থা জনসাধারণের জন্য তথ্যপ্রাপ্তির সমতা নষ্ট করতে পারে এবং সরকারি তথ্যকে ব্যক্তিগত আর্থিক সুবিধার উৎসে পরিণত করার ঝুঁকি তৈরি করে। সূত্র: এএফপি



















