Logo

রাজনীতি    >>   বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর দলটির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়। এরপরই দলের গুরুত্বপূর্ণ পদগুলো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।

মির্জা ফখরুল বর্তমানে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্বে রয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে তিনি সচিবালয় থেকে বেরিয়ে যান। বৃহস্পতিবার তার কোনো সরকারি কর্মসূচিও রাখা হয়নি।

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রার্থিতা চূড়ান্ত করতে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন

গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য ৬ আগস্ট তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে শুধু সংসদ সদস্যরা ভোট দেন। বিএনপির সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। ফলে মনোনয়ন ঘোষণার পর থেকেই তাকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দেখার আলোচনা জোরালো হয়েছে। তবে আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই রাষ্ট্রপতি হিসেবে তার নির্বাচন চূড়ান্ত হবে।

ইসি সূত্র জানিয়েছে, একই প্রার্থীর পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সুযোগ রয়েছে। কোনো একটি মনোনয়নপত্রে ত্রুটি থাকলে বিকল্পটি বিবেচনার সুযোগ রাখতেই এ ব্যবস্থা করা হয়েছে। সূত্র: ইন্টারনেট