Logo

আন্তর্জাতিক    >>   ইরানি পাঁচ কমান্ডারের তথ্য দিলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানি পাঁচ কমান্ডারের তথ্য দিলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানি পাঁচ কমান্ডারের তথ্য দিলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) পাঁচ জ্যেষ্ঠ কমান্ডারের পরিচয় বা অবস্থান শনাক্তে কার্যকর তথ্য দিলে সর্বোচ্চ এক কোটি বা ১০ মিলিয়ন আমেরিকান ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তথ্যদাতাদের প্রয়োজন হলে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সহায়তাও দেওয়া হতে পারে। গত সোমবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি এ ঘোষণা দেয়। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির গুরুত্বপূর্ণ পাঁচ কর্মকর্তাকে লক্ষ্য করে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

পুরস্কারের তালিকায় রয়েছেন আইআরজিসির কমান্ডার আহমাদ ভাহিদি, খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের প্রধান আলী আবদোল্লাহি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের ইউএভি কমান্ডার সাঈদ আগাজানি, আইআরজিসির সাইবার-ইলেকট্রনিক কমান্ডের প্রধান হামিদরেজা জোলাসঘারিয়ান এবং আইআরজিসি গোয়েন্দা দপ্তরের কমান্ডার মাজিদ খাদেমি। যুক্তরাষ্ট্রের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির দাবি, এসব কর্মকর্তা আইআরজিসির বিভিন্ন শাখার নেতৃত্ব দেন এবং সংগঠনটি বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে জড়িত। কার্যকর তথ্য সরবরাহকারী ব্যক্তিরা আর্থিক পুরস্কারের পাশাপাশি প্রয়োজনে স্থানান্তর সহায়তার জন্যও যোগ্য হতে পারেন। 

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র আইআরজিসিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ (Foreign Terrorist Organization) হিসেবে তালিকাভুক্ত করে আসছে। ওয়াশিংটনের অভিযোগ, আইআরজিসি ও এর বিভিন্ন শাখা সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা এবং যুক্তরাষ্ট্রের জনবল ও অবকাঠামোর জন্য হুমকি সৃষ্টি করে এমন কর্মকাণ্ডে জড়িত। 

এর আগে চলতি মাসেই ইরানে নতুন করে সামরিক নেতৃত্বে পরিবর্তন আনা হয়। ১০ আগস্ট আহমাদ ভাহিদিকে আইআরজিসির নতুন কমান্ডার এবং আলী আবদোল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইরান অবশ্য দীর্ঘদিন ধরে আইআরজিসি নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। পাঁচ কমান্ডারের বিষয়ে নতুন এই পুরস্কার ঘোষণা ওয়াশিংটন ও তেহরানের চলমান উত্তেজনার মধ্যেই এলো। সূত্র: আনাদোলু এজেন্সি, জাগোনিউজ