Logo

ইউএসএ নিউজ    >>   যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের রোগী, পেনসিলভানিয়ায় ২ জনের মৃত্যু!

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের রোগী, পেনসিলভানিয়ায় ২ জনের মৃত্যু!

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের রোগী, পেনসিলভানিয়ায় ২ জনের মৃত্যু!

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে হামে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) অঙ্গরাজ্যটির স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। মৃত দুজনই হাম প্রতিরোধের টিকা নেননি। এ ঘটনাকে ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে হামে প্রথম মৃত্যুর ঘটনা হিসেবে নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে গত ৩৫ বছরের মধ্যে পেনসিলভানিয়ায় হামে এটিই প্রথম মৃত্যু।

পেনসিলভানিয়ার স্বাস্থ্যবিষয়ক সচিব চিকিৎসক ডেবরা বোগেন নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, হামের বিরুদ্ধে এমএমআর (মিজলস, মাম্পস ও রুবেলা) টিকা নিরাপদ এবং রোগটি প্রতিরোধে সবচেয়ে কার্যকর সুরক্ষা।

দুজনই ল্যাঙ্কাস্টার কাউন্টির বাসিন্দা

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মৃত দুজনই পেনসিলভানিয়ার ল্যাঙ্কাস্টার কাউন্টির বাসিন্দা ছিলেন। তাদের পরিচয়, বয়স বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়নি।  চলতি বছর এখন পর্যন্ত পেনসিলভানিয়ার ২৮টি কাউন্টিতে ৩৯৩ জনের হাম শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রে আবার বাড়ছে হাম

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। চলতি বছর যুক্তরাষ্ট্রে রোগটির সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এখন পর্যন্ত দেশটিতে ২ হাজার ৭০০-এর বেশি হাম রোগী শনাক্ত হয়েছে, যা ১৯৯১ সালের পর কোনো বছরে সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রে ২০০০ সালে হাম নির্মূল ঘোষণা করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে রোগটির পুনরুত্থান ঘটেছে। গত দেড় বছরে শনাক্ত হওয়া হাম রোগীর সংখ্যা এর আগের ২৫ বছরের মোট আক্রান্তের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টিকাই সবচেয়ে বড় সুরক্ষা

বিশেষজ্ঞ ও স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, হাম প্রতিরোধে টিকা সবচেয়ে কার্যকর উপায়। এমএমআর টিকার দুই ডোজ হামের বিরুদ্ধে প্রায় ৯৭ শতাংশ কার্যকর। পেনসিলভানিয়ার স্বাস্থ্য বিভাগও মানুষকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে এবং টিকাহীন ব্যক্তিদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি হওয়ায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সূত্র: সিএনএন, জাগোনিউজ