জালালাবাদ অ্যাসোসিয়েশনের দুই সাবেক নেতাকে স্মরণ: কামাল উদ্দিন ও আজিজুর রহমানের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল
প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক :
জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সহসভাপতি ও সাবেক নির্বাচন কমিশনার মরহুম সৈয়দ কামাল উদ্দিন আহমদ এবং সাবেক উপদেষ্টা মরহুম আজিজুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ আগস্ট, মঙ্গলবার নিউইয়র্কের জালালাবাদ ভবনে সংগঠনের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় বক্তারা প্রয়াত দুই সমাজসেবীর কর্মময় জীবন ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাদের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
বক্তারা বলেন, সৈয়দ কামাল উদ্দিন আহমদ ও আজিজুর রহমান ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ, সজ্জন ও সমাজহিতৈষী ব্যক্তি। জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের মৃত্যুতে সংগঠন শুধু দুজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকেই নয়, বরং দুজন অভিভাবককে হারিয়েছে।
সভাপতি মইনুল ইসলাম অশ্রুসিক্ত নয়নে প্রয়াতদের স্মৃতিচারণ করে বলেন, আমাদের কমিটি আজ দুজন অভিভাবক হারিয়েছে। তাদের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। জালালাবাদ অ্যাসোসিয়েশনের সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পৃক্ততা ও অবদান সংগঠনের সদস্যরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন।
স্মরণসভায় জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী মরহুম সৈয়দ কামাল উদ্দিন আহমদ, মরহুম আজিজুর রহমানসহ সংগঠনের প্রয়াত কর্মকর্তা এবং সমগ্র বিশ্ববাসীর জন্য বিশেষ দোয়া করেন।
দোয়া মাহফিলে বক্তারা মহান আল্লাহর দরবারে মরহুম সৈয়দ কামাল উদ্দিন আহমদ ও মরহুম আজিজুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য প্রার্থনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহনউজ্জামান চৌধুরী, আব্দুল করিম, মইনুল ইসলাম, মনির উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, মো. এ ফয়েজ, আতাউর গনি আসাদ, হেলিম উদ্দিন, শাহিনুর ইসলাম, লামেছ আহমেদ চিনু, মো. মাসুদ মিয়া, বদরুল উদ্দিন, কামরুল হোসেন, আব্দুল মালেক খান লায়েক, সাইফুর রহমান আলম সিদ্দিকী, জালিনুর রহমান অপু, উত্তম কুমার, বিশিষ্ট রাজনীতিক সাইফুল আর, জয়নুল আবেদীন, আফরোতি, বিশিষ্ট শিল্পী মনিক উদ্দিন, জেসমিন, মইনুর রহমান, মোছা. সুলতানাসহ জালালাবাদ অ্যাসোসিয়েশনের বিপুলসংখ্যক কর্মকর্তা, সদস্য ও কর্মী।
অনুষ্ঠানে প্রয়াত দুই নেতার সামাজিক কর্মকাণ্ড, সংগঠনের প্রতি তাঁদের দায়িত্বশীলতা এবং কমিউনিটির প্রতি তাঁদের অবদানের কথা তুলে ধরে বক্তারা বলেন, কামাল সাহেব ও আজিজ সাহেবের মতো সজ্জন ও নিবেদিতপ্রাণ মানুষের শূন্যতা দীর্ঘদিন অনুভূত হবে। তাঁদের কর্ম ও স্মৃতি জালালাবাদ কমিউনিটির মানুষের মাঝে বেঁচে থাকবে।



















