রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর যুক্তরাষ্ট্র, মস্কো-কিয়েভ সফরে উইটকফ-কুশনার
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে মধ্যস্থতার উদ্যোগ আরও জোরালো করেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ (Steve Witkoff) ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জ্যারেড কুশনার (Jared Kushner) রাশিয়া ও ইউক্রেন সফর করবেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স (Reuters) ও রুশ বার্তা সংস্থা তাস (TASS) জানিয়েছে, উইটকফ ও কুশনার আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর প্রথমে রাশিয়ার রাজধানী মস্কো এবং পরে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করবেন। তবে তাদের সফরের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রাষ্ট্রীয় বিবৃতি দেওয়া হয়নি। এদিকে, রাশিয়া ও চীনের কৌশলগত অংশীদারত্ব ও সহযোগিতা আরও জোরদার হচ্ছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র জ্বালানি। চীনে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের ক্ষেত্রে রাশিয়া শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। পাশাপাশি কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং পারমাণবিক বিদ্যুৎ খাতেও দুই দেশের সহযোগিতা আরও বাড়ছে।
প্রেসিডেন্ট পুতিন বলেন, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের নিয়মিত যোগাযোগ দুই দেশের জ্বালানি খাতের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে রাশিয়া-চীন এনার্জি বিজনেস ফোরামের সাফল্য কামনা করেন তিনি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক তৎপরতার মধ্যেই মস্কো ও কিয়েভে উইটকফ ও কুশনারের সম্ভাব্য সফরকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: রয়টার্স , তাস জাগোনিউজ



















