Logo

ইউএসএ নিউজ    >>   থাইল্যান্ড থেকে চাঙ্গা হয়ে যুক্তরাষ্ট্রে ফিরছেন ইউএসএস আব্রাহাম লিংকনের ৫ হাজার নাবিক

থাইল্যান্ড থেকে চাঙ্গা হয়ে যুক্তরাষ্ট্রে ফিরছেন ইউএসএস আব্রাহাম লিংকনের ৫ হাজার নাবিক

থাইল্যান্ড থেকে চাঙ্গা হয়ে যুক্তরাষ্ট্রে ফিরছেন ইউএসএস আব্রাহাম লিংকনের ৫ হাজার নাবিক

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

টানা ২৬৪ দিন সমুদ্রে থাকার পর অবশেষে স্বল্প সময়ের বিশ্রাম শেষে যুক্তরাষ্ট্রে ফিরছেন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের (USS Abraham Lincoln) প্রায় ৫ হাজার নাবিক ও মেরিন। পাঁচ দিনের বিরতি শেষে রোববার (৭ সেপ্টেম্বর) থাইল্যান্ডের বন্দর ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে রণতরিটি।

দীর্ঘ সমুদ্রযাত্রার পর থাইল্যান্ডে পাঁচ দিনের অবস্থান নাবিক ও মেরিনদের জন্য বিশ্রামের সুযোগ তৈরি করলেও সেই বিরতি ছিল বেশ সংক্ষিপ্ত। অবকাশ শেষে আবারও দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজ ঘাঁটিতে ফিরছেন তারা।

বিদায়কালে ইউএসএস আব্রাহাম লিংকনের ক্যাপ্টেন ড্যান কিলার থাইল্যান্ডের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সপ্তম নৌবহর এলাকায় থাইল্যান্ডসহ আঞ্চলিক মিত্র ও অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী মিশন চালিয়ে যাবে।

ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ থ্রি-এর ফ্ল্যাগশিপ ইউএসএস আব্রাহাম লিংকন গত বছরের ২১ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো নৌঘাঁটি থেকে যাত্রা শুরু করে। শুরুতে রণতরিটিকে নিয়মিত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন করার পরিকল্পনা ছিল। ১১ ও ১২ ডিসেম্বর গুয়ামে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর মাত্র এক দিনের মধ্যেই এটি আবার সমুদ্রে ফিরে যায়।

আব্রাহাম লিংকনের স্থলাভিষিক্ত হয়ে বর্তমানে মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করছে আরেকটি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন (USS George Washington)। গত মাসের শেষ দিকে এটি মধ্যপ্রাচ্যে পৌঁছায়।

এদিকে, আব্রাহাম লিংকনের দীর্ঘ সময়ের মোতায়েন নিয়ে এর আগে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে রণতরিতে খাবারের সংকট, দূষণ, নাবিকদের মনোবল কমে যাওয়া এবং আত্মহত্যার চেষ্টার অভিযোগের কথা উঠে আসে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেন। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও বলেন, প্রতিবেদনগুলো জাহাজের পরিস্থিতিকে ‘পুরোপুরি ভুলভাবে উপস্থাপন’ করেছে।

বিষয়টি নিয়ে বিতর্কের পর ডেমোক্র্যাট আইনপ্রণেতারা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে রণতরিটির দীর্ঘ মোতায়েনের বিষয়ে আপত্তি জানান।

অন্যদিকে, আব্রাহাম লিংকন যুক্তরাষ্ট্রে ফেরার সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাও নতুন করে বাড়ছে। গত শনিবার ইরানের খার্গ দ্বীপে তিনটি ইরানি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ইরান দুটি যুক্তরাষ্ট্রের নৌযানে হামলা চালিয়েছিল বলেও দাবি করা হয়।

গত রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে, হরমুজ প্রণালির একটি নিষিদ্ধ এলাকায় প্রবেশের চেষ্টা করা একটি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং দুই দেশের সম্ভাব্য সংঘাত নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সূত্র: দ্য হিল, জাগোনিউজ