যে কারনে ভারতের বিপক্ষে ম্যাচের পর শাস্তি পেলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা?
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে পাকিস্তান নারী ক্রিকেট দলের অধিনায়ক ফাতিমা সানাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচে আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেন ফাতিমা। আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটারকে আউট করার পর তাকে অপমানিত করে বা আক্রমণাত্মক প্রতিক্রিয়ায় উসকে দিতে পারে—এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি করা ওই ধারায় নিষিদ্ধ।
গত শনিবার অনুষ্ঠিত ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারে ঘটনাটি ঘটে। ওপেনার শেফালি ভার্মাকে আউট করার পর প্যাভিলিয়নের দিকে ইশারা করেন পাকিস্তানি অধিনায়ক ফাতিমা সানা। এই ঘটনায় আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি সুপ্রিয়া দাস অভিযোগ আনেন। ফাতিমা অভিযোগটি স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। মাঠের আম্পায়ার নিমালি পেরেরা ও সাথিরা জাকের জেসি, তৃতীয় আম্পায়ার রোকেয়া সুলতানা এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসানও অভিযোগের সঙ্গে যুক্ত ছিলেন।
ফাতিমার জন্য এটি গত ২৪ মাসে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। এর আগে গত বছরের ৬ আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি। ফলে বর্তমানে তার নামের পাশে মোট দুটি ডিমেরিট পয়েন্ট রয়েছে। আইসিসির আচরণবিধির লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। আর সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট। সূত্র: জাগোনিউজ



















