ইরানের বিরুদ্ধে জয় এলে তেলের দাম দ্রুত কমবে: ডোনাল্ড ট্রাম্প
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম প্রতি গ্যালন ৩ ডলারে নেমে আসবে। শেষ পর্যন্ত এই দাম প্রতি গ্যালন ২ ডলারের নিচেও চলে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। এক গ্যালনে প্রায় ৩ দশমিক ৮ লিটার।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তেলের দাম দ্রুত কমবে। একই সঙ্গে তিনি আবারও জোর দিয়ে বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তবে তার এমন দাবির মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৩৪ ডলারে উঠেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৫ ডলার বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ৬৩ ডলারে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বাড়ায় বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে উদ্বেগও বাড়ছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের সম্পদে নতুন করে হামলা চালালে তারা পাল্টা জবাব দেবে। এতে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে সর্বশেষ লেনদেনে ব্রেন্ট তেলের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বাড়ায় ব্যবসায়ীরা তেলের দামের সঙ্গে অতিরিক্ত ঝুঁকিমূল্যও যোগ করছেন। বিশ্বের অপরিশোধিত তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। ফলে এ অঞ্চলে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ



















