দেম্বেলের চোখে ব্যালন ডি’অরের দাবিদার কে? কেইন-এমবাপে নাকি খাভারৎসখেলিয়া?
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ব্যালন ডি’অর নিয়ে উত্তাপ ছড়াতে শুরু করেছে ফুটবলবিশ্বে। পুরস্কারের বর্তমান বিজয়ী উসমান দেম্বেলে এবার সম্ভাব্য সেরা তিনজনের নাম প্রকাশ করেছেন। তার তালিকায় জায়গা পেয়েছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ গোলমেশিন হ্যারি কেইন, পিএসজির খাভিচা কাভারৎসখেলিয়া এবং রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে। তবে নিজের পছন্দের তালিকা প্রকাশ করেই থামেননি দেম্বেলে। তার ভবিষ্যদ্বাণী আরও চমকপ্রদ—এবারও ব্যালন ডি’অর পিএসজির কোনো খেলোয়াড়ের হাতেই উঠবে বলে মনে করছেন তিনি।
ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া সাক্ষাৎকারে দেম্বেলেকে এবারের ব্যালন ডি’অরের জন্য তার সেরা তিন পছন্দের নাম জানতে চাওয়া হয়। কোনো ক্রম না দিয়েই তিনি বলেন, হ্যারি কেইন, খাভিচা কাভারৎসখেলিয়া ও কিলিয়ান এমবাপের নাম। ২০২৫ সালে পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে ইউরোপিয়ান ট্রেবল জয়ের পাশাপাশি ৩৩ গোল করেছিলেন দেম্বেলে। সেই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তার হাতে উঠেছিল ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর। এবার অবশ্য সেই পুরস্কার ধরে রাখার লড়াইয়ে কঠিন প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে হচ্ছে তাকে।
‘ব্যালন ডি’অর প্যারিসেই থাকবে’
নিজের সেরা তিনজনের নাম বলার পর দেম্বেলের ভবিষ্যদ্বাণী ছিল আরও আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমি মনে করি না এই ট্রফি নিয়ে খুব বেশি অনিশ্চয়তা আছে। আমার মনে হয়, এটি প্যারিস সেন্ট জার্মেইয়ের কোনো খেলোয়াড়ের হাতেই থাকবে।’ অর্থাৎ, গতবার নিজে পুরস্কার জেতার পর এবারও পিএসজির কোনো তারকা বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি পাবেন বলে বিশ্বাস করেন দেম্বেলে।
তবে নিজের নাম কেন সেরা তিনে রাখলেন না, সেটিও পরিষ্কার করেছেন ফরাসি তারকা। তার ভাষ্য, ভোট দেওয়ার সুযোগ পেলেও নিজের নামকে তিনি ভোট দেবেন না। দেম্বেলে বলেন, ‘আমি কখনো এসবের মধ্যে যাই না। যদি আমিই কথা বলি, তাহলে আমি আমাকে ভোট দেব না।’
মেসি নেই দেম্বেলের তালিকায়
দেম্বেলের পছন্দের তালিকায় সবচেয়ে বড় চমকগুলোর একটি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির অনুপস্থিতি। ব্যালন ডি’অরের আলোচনায় দীর্ঘদিন ধরে থাকা মেসিকে এবার নিজের সেরা তিনে রাখবেন কি না—এমন প্রশ্নে দেম্বেলের উত্তর ছিল সরাসরি, ‘আমার মনে হয় না।’
তবে শুধু তিনজনের মধ্যেই নিজের পছন্দ সীমাবদ্ধ রাখেননি তিনি। মাইকেল ওলিসে, লামিনে ইয়ামাল, ফাবিয়ান রুইজ ও উইলিয়ান পাকোর নামও সম্ভাব্য দাবিদার হিসেবে উল্লেখ করেছেন দেম্বেলে।
কেন এতটা গুরুত্ব পাচ্ছেন হ্যারি কেইন?
দেম্বেলের তালিকায় হ্যারি কেইনের উপস্থিতিই সম্ভবত সবচেয়ে বড় চমক। বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার গত মৌসুমে গোলের পর গোল করে নিজেকে ব্যালন ডি’অরের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৫-২৬ মৌসুমে বায়ার্নের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬১ গোল করেছেন কেইন। ক্লাবের পাশাপাশি ইংল্যান্ডের হয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
নিজের গত মৌসুমকে ক্যারিয়ারের এখন পর্যন্ত সেরা মৌসুম হিসেবে উল্লেখ করে কেইন বলেছেন, এমন পারফরম্যান্স নিয়ে তিনি অত্যন্ত গর্বিত। দীর্ঘদিনের স্বপ্ন ব্যালন ডি’অর জয়ের কথাও গোপন করেননি ইংলিশ তারকা। একসময় গ্যালারিতে বসে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা কেইনের সামনে এখন বিশ্বের সেরা ব্যক্তিগত পুরস্কার জয়ের সুযোগ।
এমবাপের আত্মবিশ্বাসেও কমতি নেই
দেম্বেলের তালিকায় থাকা কিলিয়ান এমবাপেও নিজেকে ব্যালন ডি’অরের অন্যতম দাবিদার মনে করছেন। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা ফরাসি ফরোয়ার্ডের মতে, বিশ্বের সবচেয়ে বড় ক্লাবগুলোর একটির হয়ে খেললে স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অরের আলোচনায় থাকতে হয়।
এমবাপে বলেন, ‘আপনি যখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন, বিশ্বের সেরা ক্লাবে খেলেন, তখন এসব পুরস্কারের সঙ্গে আপনার নাম জড়িয়ে যায়।’ বিশ্বকাপেও নিজের পারফরম্যান্সের কথা তুলে ধরেছেন তিনি। বড় মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ইতিহাস গড়েছেন বলেও মনে করেন এমবাপে।
শেষ হাসি কার?
হ্যারি কেইনের গোলের বন্যা, এমবাপের তারকাখ্যাতি, পিএসজির সাম্প্রতিক সাফল্য এবং লামিনে ইয়ামালের মতো তরুণ তারকার উত্থান—সব মিলিয়ে এবারের ব্যালন ডি’অরের দৌড় বেশ জমে উঠেছে।
এর মধ্যে বর্তমান বিজয়ী দেম্বেলের ভবিষ্যদ্বাণী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। তার বিশ্বাস, ব্যালন ডি’অর এবারও প্যারিসেই থাকবে। তবে সেটি দেম্বেলের হাতেই উঠবে, নাকি পিএসজির অন্য কোনো তারকা নতুন করে ইতিহাস লিখবেন—সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
ব্যালন ডি’অরের পূর্ণ মনোনয়ন তালিকা মঙ্গলবার প্রকাশ হওয়ার কথা। এরপর আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেদিনই মিলবে উত্তর—দেম্বেলের ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়। সূত্র: লেকিপ, জাগোনিউজ



















