Logo

আন্তর্জাতিক    >>   লন্ডনে প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদকে ঘিরে সাংবাদিকদের মিলনমেলা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত ঐক্য ও প্রবাসী বাংলা গণমাধ্যমের মানোন্নয়নে জোর

লন্ডনে প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদকে ঘিরে সাংবাদিকদের মিলনমেলা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত ঐক্য ও প্রবাসী বাংলা গণমাধ্যমের মানোন্নয়নে জোর

লন্ডনে প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদকে ঘিরে সাংবাদিকদের মিলনমেলা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত ঐক্য ও প্রবাসী বাংলা গণমাধ্যমের মানোন্নয়নে জোর

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাজ্যে সফররত মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক, দৈনিক বাংলার দিন-এর প্রধান সম্পাদক ও প্রবীণ সাংবাদিক বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে মতবিনিময় ও প্রীতিসভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকতা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, প্রবাসে বাংলা সাংবাদিকতার বিকাশ এবং সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ সভায় যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, লেখক, মানবাধিকারকর্মী ও বিশিষ্টজনরা অংশ নেন।

গত ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার পূর্ব লন্ডনের মনোয়ার হোসেন ব্যারিস্টারের চেম্বার হলরুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত এ প্রীতিসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাছির। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহসাধারণ সম্পাদক আসমা মতিন।

আলোচনায় বক্তারা বকসি ইকবাল আহমেদের দীর্ঘ সাংবাদিকতা জীবন, পেশাগত অভিজ্ঞতা এবং গণমাধ্যমে তাঁর অবদানের প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রবাসে বাংলা গণমাধ্যম এখন শুধু সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ ও সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফলে সংবাদ পরিবেশনে পেশাগত দক্ষতা, নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা আরও গুরুত্বের সঙ্গে অনুসরণ করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, প্রবাসী বাংলা সাংবাদিকতার গ্রহণযোগ্যতা ও মান বাড়াতে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে তোলা জরুরি। একই সঙ্গে তথ্যনির্ভর ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রবাসী সাংবাদিকদের নিজেদের পেশাগত অবস্থান আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

প্রীতিসভায় বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ড. আনসার আহমেদ উল্লাহ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাজিদুর রহমান, প্রবীণ সাংবাদিক মতিয়ার চৌধুরী, আনন্দমোহন কলেজের সাবেক ভিপি মুজিবুল হক মনি, ভাটির কণ্ঠ সম্পাদক ইমদাদুন খানম, ব্রিজবাংলা২৪-এর সহকারী সম্পাদক সাহেদা রহমান, ইউকে বাংলা গার্ডিয়ানের অ্যাসিস্ট্যান্ট এডিটর এস কে এম আশরাফুল হুদা, ব্রিজবাংলা২৪-এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, হবিগঞ্জ এক্সপ্রেস-এর যুক্তরাজ্য প্রতিনিধি এ রহমান অলি, আই অন টিভির উপস্থাপিকা হেনা বেগম, বিবিএন ডট মিডিয়ার সম্পাদক ও কবি সাজ্জাদ হোসেন নয়ন, বাংলা সংলাপের রিপোর্টার ইমরান আহমদ তালুকদার, কবি ফাহমিদা ইছাছমিন, জে টাইমস টিভির রিপোর্টার মোহাম্মদ কবিরুল ইসলাম, চ্যানেল টিএস-এর সম্পাদক সাখাওয়াত ইসলাম ফরাজী, ইউকেবিডি টিভির সম্পাদক আব্দুল মুমিন, বকসি আদনান রশিদ, এনএল ২৪-এর রিপোর্টার দীপামণি, খালিস আহমদ ও মানবাধিকার নেত্রী শুভা মতিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রবাসে কর্মরত সাংবাদিকরা নানা প্রতিকূলতার মধ্যেও বাংলা ভাষা ও সংবাদমাধ্যমের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সম্পর্ক অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই সাংবাদিকতার পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণ অপরিহার্য।

অনুষ্ঠানে বকসি ইকবাল আহমেদ উপস্থিত সাংবাদিক ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি প্রবাসে বাংলা সাংবাদিকতার বিকাশ, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রীতিসভাটি শেষ পর্যন্ত সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।