Logo

ইউএসএ নিউজ    >>   মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা: সিলেটের প্রবীণ আইনজীবী এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিনকে সংবর্ধনা

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা: সিলেটের প্রবীণ আইনজীবী এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিনকে সংবর্ধনা

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা: সিলেটের প্রবীণ আইনজীবী এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিনকে সংবর্ধনা

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান–ইউএসএ’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, পূর্ববর্তী আয়োজনের আয়-ব্যয়ের হিসাব এবং আইনজীবীদের পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। একই অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিলেট জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন এডভোকেট আব্দুর রহমান চৌধুরী। সভার শুরুতে গত ২২ আগস্ট অনুষ্ঠিত সংগঠনের ফ্যামিলি ডিনারের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এডভোকেট কায়সার হাসান শিমন ও এডভোকেট সফিউল আজম মাসুম। পরে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আইনজীবীরা বক্তব্য রাখেন।
সভায় বক্তব্য দেন এডভোকেট মহব্বত খান, এডভোকেট মোহাম্মদ লালা, এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, এডভোকেট রাধাপদ দেব সজল, এডভোকেট নাসিরুজ্জামান নাজিম, এডভোকেট মহসিন আহমদ চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম মঈনুল, এডভোকেট দীপক চৌধুরী, এডভোকেট হারান কান্তি সেন, এডভোকেট এটিএম সামসুল হাসান বাবর, এডভোকেট বজলুর রহমান ও এডভোকেট অশোক আচার্য্যসহ অনেকে।


সাধারণ সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সিলেট জজ কোর্টের সাবেক পিপি, সিলেট স্টেশন ক্লাবের সাবেক সভাপতি এবং সিলেটের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিনের মিশিগান সফর উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এ পর্বে সভাপতিত্ব করেন এডভোকেট মোহাম্মদ লালা এবং অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট সফিউল আজম মাসুম।
অনুষ্ঠানের শুরুতে সিনিয়র আইনজীবীরা ফুল দিয়ে সংবর্ধিত অতিথিকে বরণ করে নেন। পরে তাঁর কর্মজীবন, সামাজিক অবদান ও নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন এডভোকেট আব্দুর রহিম, এডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, এডভোকেট মহব্বত খান, এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, এডভোকেট রাধাপদ দেব সজল, এডভোকেট নাসিরুজ্জামান নাজিম, এডভোকেট কায়ছার হাসান শিমন, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, এডভোকেট কয়ছর আহমদ চৌধুরী, এডভোকেট মহসীন আহমদ চৌধুরী, এডভোকেট নুরুল ইসলাম ময়নুল, এডভোকেট মইনউদ্দিন আহমদ, এডভোকেট দীপক চৌধুরী, এডভোকেট হারান কান্তি সেন, এডভোকেট হোসেইন আহমদ, এডভোকেট এটিএম সামছুল হাসান বাবর ও এডভোকেট অশোক আচার্য্যসহ অনেকে।
সংবর্ধনার জবাবে সিনিয়র এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান–ইউএসএ গঠনের উদ্যোগকে যুগান্তকারী হিসেবে উল্লেখ করেন। তিনি সিলেট বারের ঐতিহ্য ও পেশাগত মূল্যবোধ তুলে ধরে বলেন, প্রবাসে আইনজীবীদের এই ফোরামকে সিলেট বারের মতো অরাজনৈতিক বা নন-পলিটিক্যাল রাখার উদ্যোগ প্রশংসনীয়। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সভাপতির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ লালা বলেন, এডভোকেট ই ইউ শহিদুল ইসলাম শাহিন সমাজের বিভিন্ন স্তরের মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। প্রেস ক্লাব থেকে জেলা ক্রীড়া সংস্থা পর্যন্ত বিভিন্ন সামাজিক ফোরামে তাঁর সম্পৃক্ততা সমাজকল্যাণে তাঁর ভূমিকার পরিচয় বহন করে। কল্যাণকর রাষ্ট্র ও সমাজ গঠনে তাঁর মতো মানুষের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সংবর্ধিত অতিথি ও উপস্থিত আইনজীবীদের ডিনারে আপ্যায়ন করা হয়। পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত ঐক্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত এ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানটি মিশিগানপ্রবাসী বাংলাদেশি আইনজীবীদের মধ্যে এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়।
সূত্র: বাংলা সংবাদ