চীনের ‘উপহারের ঝুড়ি’ যুক্তরাষ্ট্রের জন্য: দুই জায়ান্ট পান্ডার পর ৫ বছরে এক লাখ শিক্ষার্থীকে চীনে পড়ার আমন্ত্রণ জানিয়েছেন শি জিনপিং
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের জন্য এবার ‘উপহারের ঝুড়ি’ নিয়ে হাজির হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই জায়ান্ট পান্ডা উপহার দেওয়ার পাশাপাশি আগামী পাঁচ বছরে এক লাখ যুক্তরাষ্ট্রের তরুণকে চীনে পড়াশোনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব ঘোষণা দেন শি জিনপিং।
শি বলেন, জায়ান্ট পান্ডা দীর্ঘদিন ধরে চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বন্ধুত্বের দূত হিসেবে কাজ করছে। শিগগিরই ‘পিং পিং’ ও ‘ফু শুয়াং’ নামের দুটি জায়ান্ট পান্ডা আটলান্টার চিড়িয়াখানায় যাবে। সেখানে যুক্তরাষ্ট্রের দর্শনার্থীরা আবারও পান্ডা দেখার সুযোগ পাবেন।
এর ফলে ২০২৪ সালের পর আবারও আটলান্টার ওই চিড়িয়াখানায় জায়ান্ট পান্ডা ফিরছে। এর আগে বেইজিংয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় চিড়িয়াখানাটি থেকে পান্ডা সরিয়ে নেওয়া হয়েছিল।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পিং পিং ও ফু শুয়াংয়ের ছবিও প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের তথ্য অনুযায়ী, চীনের ‘পান্ডা কূটনীতি’র সূচনা হয় ১৯৫৭ সালে। এরপর বিভিন্ন সময়ে চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে চীনা পান্ডা রাখার সুযোগ দেওয়া হয়েছে।
এক লাখ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীকে চীনে আমন্ত্রণ
পান্ডার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও বড় উদ্যোগের ঘোষণা দিয়েছেন শি জিনপিং। তিনি জানান, আগামী পাঁচ বছরে এক লাখ তরুণ যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীকে চীনে পড়াশোনার জন্য আমন্ত্রণ জানাবে চীন।
শি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের আশা দুই দেশের জনগণের মধ্যে নিহিত এবং এই সম্পর্কের ভবিষ্যৎ তরুণদের হাতে। দুই দেশের জনগণের যোগাযোগ এবং তরুণদের পারস্পরিক বোঝাপড়া দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় শি আরও বলেন, চীনের উন্নয়ন ও পুনর্জাগরণ এবং ‘আমেরিকাকে আবার মহান করা’ একই সঙ্গে এগিয়ে যেতে পারে। এ বক্তব্যে তিনি ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (MAGA) স্লোগানের প্রতি ইঙ্গিত করেন।
শিকে ঘিরে হোয়াইট হাউজে জাঁকজমকপূর্ণ আয়োজন
এর আগে বুধবার সন্ধ্যায় এক বিরল আয়োজনে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অ্যান্ড্রুজ বিমানঘাঁটির রানওয়েতে শি জিনপিং ও তার স্ত্রী পেং লিয়ুয়ানকে স্বাগত জানান। পরে হোয়াইট হাউজের সাউথ লনে শির সম্মানে আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠান আয়োজন করা হয়। এরপর রোজ গার্ডেনে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় শি জিনপিং, পেং লিয়ুয়ান এবং চীনা প্রতিনিধিদলের সম্মানে হোয়াইট হাউজে রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। তিন পদে সাজানো ওই নৈশভোজে দুই দেশের প্রতিনিধিরা অংশ নেন। সূত্র: দ্য হিল, জাগোনিউজ



















