Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে চলন্ত সাবওয়ে ট্রেনের দরজায় শপিং ব্যাগ আটকে মৃত্যু ৫৭ বছরের যাত্রীর

নিউইয়র্কে চলন্ত সাবওয়ে ট্রেনের দরজায় শপিং ব্যাগ আটকে মৃত্যু ৫৭ বছরের যাত্রীর

নিউইয়র্কে চলন্ত সাবওয়ে ট্রেনের দরজায় শপিং ব্যাগ আটকে মৃত্যু ৫৭ বছরের যাত্রীর

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে চলন্ত সাবওয়ে ট্রেনের দরজায় শপিং ব্যাগ আটকে যাওয়ার পর ট্রেনের সঙ্গে টেনে নিয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের বয়স ৫৭ বছর। তাঁর নাম ইয়াও বোয়াহেনে। তিনি ব্রুকলিনের বাসিন্দা ছিলেন। স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ব্রুকলিনের বেডফোর্ড-স্টাইভেস্যান্ট এলাকার ইউটিকা অ্যাভিনিউ স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ সময় তখন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর।

নিউইয়র্ক পুলিশ বিভাগের (NYPD) তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে বোয়াহেনে একটি ‘এ’ ট্রেন থেকে নামছিলেন। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ ট্রেনের বন্ধ হয়ে আসা দরজায় আটকে যায়। ট্রেনটি চলতে শুরু করলে ব্যাগের সঙ্গে তিনিও টেনে যেতে থাকেন। একপর্যায়ে তিনি ট্রেনের বগিগুলোর মাঝের অংশ দিয়ে রেললাইনে পড়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে রেললাইনের ওপর অচেতন ও সাড়াহীন অবস্থায় দেখতে পায়। পরে জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, বোয়াহেনের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিউইয়র্ক সিটি অফিস অব চিফ মেডিক্যাল এক্সামিনার নির্ধারণ করবে। দুর্ঘটনার কারণ এবং পুরো ঘটনাপ্রবাহ খতিয়ে দেখতে তদন্ত চলছে। ঘটনার সময় স্টেশনের প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম এবিসি৭-কে জানান, তিনি স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঘটনাটি দেখেন।

পুলিশ প্রাথমিকভাবে আটকে যাওয়া জিনিসটিকে ব্যাকপ্যাক হিসেবে উল্লেখ করেছিল। পরে সেটি শপিং ব্যাগ ছিল বলে সংশোধন করা হয়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা বিশেষ করে ব্যাগটি কীভাবে ট্রেনের দরজায় আটকে গেল এবং ট্রেন চলতে শুরু করার পর কীভাবে বোয়াহেনে রেললাইনে পড়ে গেলেন, তা খতিয়ে দেখছেন।

নিউইয়র্কের সাবওয়েতে এ ধরনের দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও অতীতেও একই ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০২২ সালে ম্যানহাটনের কলম্বাস সার্কেল স্টেশনে একটি ১ নম্বর ট্রেনের দরজায় পোশাক আটকে গিয়ে ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছিল। বোয়াহেনের মৃত্যুর ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার পুরো পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সামনে আসতে পারে।