Logo

সাহিত্য সংস্কৃতি    >>   কবিতা: প্রেমের পদ্য—মূল:- নবকান্ত বরুয়া; অনুবাদ: নিবেদিতা শইকীয়া

কবিতা: প্রেমের পদ্য—মূল:- নবকান্ত বরুয়া; অনুবাদ: নিবেদিতা শইকীয়া

কবিতা: প্রেমের পদ্য—মূল:- নবকান্ত বরুয়া; অনুবাদ: নিবেদিতা শইকীয়া

প্রেমের পদ্য
মূল: নবকান্ত বরুয়া
অনুবাদ: নিবেদিতা শইকীয়া

বর্ষার রাতে তোমার কবিকে মনে পড়ে কি
অরুন্ধতী?
আর্দ্র আলো কি ভুলিয়ে দেয়
তোমার খোঁপার সন্ধ্যা-সন্ধ্যা ঘ্রাণ?
মনে পড়ে কি,
অরুন্ধতী?
জোছনা আর মেঘে, মমতা আর বিষাদে, না বোঝা কবিতা—
আমাদের মাঝে ভাঙা স্বপ্নের অশরীরী বাধা।
মনে পড়ে কি,
অরুন্ধতী?
মনে পড়ে কি অরুন্ধতী,
দূর্বা ঘাসে মুক্তোমণির ছটা,
মেঘ ঘেঁষা চুলে কোমল আঙুলের পরশে কত চাঁদ!
(জোয়ারের জন্য সাগর ছিল না!)
বরফের মতো শীতল স্পর্শেও
সে যে কত শান্তি!
অরুন্ধতী!
অরুন্ধতী,
অনন্ত পথ পেরিয়ে আসা
ঝড়ের আকাশে পাখির লহ্মার এক নীড়।
অনেক স্বপ্ন পেরিয়ে আসা
কাঁচা ঘুমের ভিড়ের মাঝে
সেই একটি মাত্র উজাগর রাত—
মনে পড়ে কি,
অরুন্ধতী?
বর্ষার রাতে মনে পড়ে কি অরুন্ধতী?