Logo

আন্তর্জাতিক    >>   জেডি ভ্যান্সের জীবনে দুজন প্রিয় মানুষের একজন স্ত্রী, আরেকজন আসিম মুনির

জেডি ভ্যান্সের জীবনে দুজন প্রিয় মানুষের একজন স্ত্রী, আরেকজন আসিম মুনির

জেডি ভ্যান্সের জীবনে দুজন প্রিয় মানুষের একজন স্ত্রী, আরেকজন আসিম মুনির

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট  জেডি ভ্যান্স নিজের জীবনের দুই ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ ও ‘প্রিয়’ ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম প্রকাশ করেছেন। তিনি ভারতীয় হিসেবে নিজের স্ত্রী উষা ভ্যান্স এবং পাকিস্তানি হিসেবে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের নাম উল্লেখ করেন। একই সঙ্গে তিনি আসিম মুনিরের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেন এবং জানান, গত তিন মাসে মুনিরের সঙ্গে তিনি অন্য যে কারও তুলনায় বেশি কথা বলেছেন।

সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে লেক লুসার্নের তীরবর্তী একটি বিলাসবহুল রিসোর্টে অনুষ্ঠিত আলোচনায় এসব মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট। ওই সময় আলোচক দলের সদস্যদের সঙ্গে আসিম মুনিরও উপস্থিত ছিলেন। মুনিরের প্রশংসা করে জেডি ভ্যান্স বলেন, তার রাষ্ট্রনায়কসুলভ আচরণ না থাকলে তিনি এই পর্যায়ে আসতে পারতেন না। তিনি তাকে অসাধারণ সামরিক নেতা হিসেবে উল্লেখ করেন এবং একই সঙ্গে দক্ষ কূটনীতিক বলেও মন্তব্য করেন।

ভ্যান্স আরও বলেন, কয়েক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনার মধ্যে কূটনৈতিক সমাধান খুঁজে পাওয়া সম্ভব হওয়ায় ওয়াশিংটন কৃতজ্ঞ। তিনি সম্প্রতি স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তির প্রসঙ্গও তুলে ধরেন। তিনি প্রশ্ন রাখেন, এই অগ্রগতি থেকে যুক্তরাষ্ট্র ও ইরান কতদূর যেতে পারবে এবং ভবিষ্যতে কতটা অর্জন সম্ভব হবে।

আলোচনার শুরুতে তিনি বলেন, এখন প্রশ্ন হলো—দুই পক্ষ একসঙ্গে আরও কত কিছু অর্জন করতে পারে এবং মধ্যপ্রাচ্যের সম্পর্ক কি নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারে, নাকি পুরোনো সংকটে ফিরে যাবে। ভ্যান্সের মতে, কূটনীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমিয়ে শান্তি প্রতিষ্ঠা এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব। তিনি ইরান–যুক্তরাষ্ট্র আলোচনাকে ‘ঐতিহাসিক’ বলেও অভিহিত করেন।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক এর আগে কখনো হয়নি। এদিকে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে এবং বিদ্যমান অন্তর্বর্তী চুক্তি শক্তিশালী করার লক্ষ্যে উভয় পক্ষ সুইজারল্যান্ডে পৌঁছায়। আলোচনায় হরমুজ প্রণালি খোলা রাখার বিষয়টিও গুরুত্ব পায়।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন জেডি ভ্যান্সের সঙ্গে বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। সূত্র: এনডিটিভি, জাগোনিউজ