কবিতা: তোমার সাথে—কুন্তলা কল্যাণী সন্দিকৈ
তোমার সাথে
কুন্তলা কল্যাণী সন্দিকৈ
( জাঁজী, শিবসাগর, আসাম )
তোমাকে ভালোবাসার কথা তো ছেড়েই দিলাম,
এমনকি আমাদের পরিচয় থাকার কথাটাও অস্বীকার করেছি।
যদিও তোমার দেহের প্রতিটি রোমকূপ আমার চেনা,
তোমার আত্মার গভীরতম প্রদেশের সাথে আমার নিবিড় অনুভব—
তবুও আমাদের এই পরিচয়ের কথাটি প্রকাশ করার সাহস আমার হয়নি।
তারা বলে—
আমাদের দুজনকে নাকি একসাথে বহু জায়গায় বহুবার দেখা গেছে;
আমার কবিতায়,
আর তোমার গদ্যের পঙ্ক্তিতে পঙ্ক্তিতে।
শুনেও না শোনার ভান করে
তৎক্ষণাৎ দুজন দুদিকে নিরুত্তর হেঁটে গেছি।
একে 'প্রহসন' বলা যায় না— এতটাই মর্মস্পর্শী,
'ট্র্যাজেডি'র রূপও দেওয়া যায় না— নিতান্তই প্রাত্যহিক,
'ইতিহাসে'ও স্থান পায় না— বড্ড বেশি ক্ষুদ্র!
কিন্তু কীভাবে অবজ্ঞা করা যায়—
বাতাসে ভেসে যাওয়া ফাল্গুনের ফুল আর
পাতাদের ওই উজ্জ্বল পৃষ্ঠাগুলোকে?
অস্তগামী সূর্য আমাদের উপহার দিয়ে গিয়েছিল
যেসব অপূর্ব, নাটকীয় ও ব্যাকুলতার রাত!
আমাদের সেই রাত্রিগুলো—
যেগুলো সাঁতার কাটার মতো সহজ রাত ছিল না,
ছিল গভীর জলে ডুবে মরার রাত।



















