Logo

আন্তর্জাতিক    >>   ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে বড় হামলায় প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে বড় হামলায় প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টায় ইরানে বড় হামলায় প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের সামরিক হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের বাহিনী। তবে সম্ভাব্য এই অভিযানের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

রবিবার (২৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই সামরিক অভিযান আগের হামলাগুলোর তুলনায় অনেক বড় পরিসরের হতে পারে। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ও রাডারের মতো স্থাপনাগুলোতে হামলা চালানো হয়েছিল। তবে এসব স্থাপনা দ্রুত পুনর্নির্মাণ করা সম্ভব হওয়ায় এবার আরও বিস্তৃত সামরিক পদক্ষেপের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে পাশে চায় ইসরায়েল

সিএনএনকে বিষয়টি সম্পর্কে অবহিত একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলও ইরানে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য অভিযানে যুক্তরাষ্ট্রকে যুক্ত করতে ওয়াশিংটনের ওপর চাপ দিচ্ছে ইসরায়েল।

তবে আপাতত ইসরায়েলকে হামলা থেকে বিরত থাকতে বলেছেন ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান এড়াতে চায় ওয়াশিংটন।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য অভিযানের পরিকল্পনা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এখন শুধু ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা। তবে তিনি ঠিক কবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, তা এখনো নিশ্চিত নয়। কর্মকর্তাদের ধারণা, মধ্যবর্তী নির্বাচনের পর এ অনুমোদন দেওয়া হতে পারে।

পাল্টা হামলার আশঙ্কা, সতর্ক যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ইরান ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা চালানোর সম্ভাবনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

সূত্রগুলোর আশঙ্কা, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাসদস্য ও সামরিক স্থাপনাগুলোতে তাৎক্ষণিক পাল্টা হামলা হতে পারে। এ পরিস্থিতিতে ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো থেকে আরও কর্মী সরিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, এ পর্যায়ে ইরান ও হুথিরা আগেভাগে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের অবকাঠামোয় হামলা চালাবে বলে মনে করছেন না কর্মকর্তারা। তবে ইরানের ওপর নতুন করে সামরিক অভিযান চালানো হলে পাল্টা জবাব দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। তবে পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, সামরিক অভিযানের বিকল্প পরিকল্পনা তৈরি করা এবং প্রেসিডেন্টের নির্দেশ অনুযায়ী তা বাস্তবায়ন করাই প্রতিরক্ষা দপ্তরের দায়িত্ব। সূত্র: সিএনএন, জাগোনিউজ