ভোট জালিয়াতির তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতের নির্বাচন ও আসন্ন ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য দিলে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁর ঘোষণায় বলা হয়েছে, তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করা হলে তথ্যদাতাকে এই অর্থ দেওয়া হবে।
গত সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে তিনি জানান, অতীতের নির্বাচন কিংবা ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ভোট জালিয়াতির তথ্য দেওয়া ব্যক্তিরা নির্ধারিত শর্ত পূরণ হলে পুরস্কার পাবেন।
তবে পুরস্কারের অর্থ কোথা থেকে আসবে, কীভাবে তথ্য জমা দিতে হবে এবং এ কর্মসূচি পরিচালনার দায়িত্ব কার হাতে থাকবে—সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনে প্রতিনিধি পরিষদের সব আসন এবং সিনেটের এক-তৃতীয়াংশ আসনের জন্য ভোট হবে। নির্বাচনের আগে ভোটের নির্ভরযোগ্যতা ও সম্ভাব্য অনিয়মের বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ করে আসছেন। বিশেষ করে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। তবে ব্যাপক নির্বাচনি জালিয়াতির এসব অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
এদিকে, আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় সরকারের সম্ভাব্য হস্তক্ষেপ মোকাবিলায় চলতি মাসের শুরুতে সমন্বিত উদ্যোগ জোরদার করেছেন ডেমোক্র্যাট দলের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা অভিযোগ করেছেন, অ-মার্কিন নাগরিকদের ভোট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ট্রাম্প প্রশাসন রাজনৈতিক স্বার্থে আইন প্রয়োগ করছে।
এর আগে, রিপাবলিকান পার্টি মধ্যবর্তী নির্বাচনে জয়ী হলে যুক্তরাষ্ট্রের প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার করে দেওয়ার প্রস্তাব দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এ অর্থের নাম দিয়েছেন ‘ট্রাম্প ডিভিডেন্ড’। রিপাবলিকান পার্টির প্রথম মধ্যবর্তী নির্বাচনি সম্মেলনের প্রথম দিনের শেষভাগে দেওয়া এক ভাষণে এ প্রস্তাব তুলে ধরেন তিনি।
নির্বাচনে ভোট জালিয়াতির তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার নজিরও রয়েছে। ২০২০ সালের নির্বাচনের সময় টেক্সাসের রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক ভোট জালিয়াতির তথ্যের জন্য ২৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছিলেন। পরে পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট দলের নির্বাচনি কর্মী এরিক ফ্র্যাঙ্কের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্বৈত ভোট দেওয়ার ঘটনায় এক ব্যক্তির দণ্ডিত হওয়ার পর প্রথম পুরস্কার দেওয়া হয়। সূত্র: দ্য গার্ডিয়ান, জাগোনিউজ



















