নিউইয়র্কে হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশনের ৪ঠা জুলাই উদযাপন ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন ইনক-এর আয়োজনে ৪ঠা জুলাই ২০২৫-এর বিশেষ উদযাপন ও পিকনিক। ঐতিহাসিক করোনা পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী মতুয়া ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ধর্মীয় অনুভব, এবং সাংস্কৃতিক উদ্দীপনা অনুষ্ঠানটিকে পরিণত করে এক ব্যতিক্রমধর্মী মিলনমেলায়।
দিনব্যাপী আয়োজনে ছিল ,আধ্যাত্মিক আলোচনা, ভক্তিমূলক গান ,শিশু-কিশোরদের অংশগ্রহণে কবিতা ও নৃত্যানুষ্ঠান,সুস্বাদু দেশীয় খাবারের আয়োজন,এবং সর্বোপরি ছিল ভক্তদের মিলেমিশে আনন্দ ভাগ করে নেওয়ার এক পারিবারিক পরিবেশ।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল “Celebration of 4th of July 2025” শোভাযাত্রা। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পতাকা উত্তোলন এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জয়ডঙ্কা, নিশান ও কাশীর মাধ্যমে শুরু হওয়া এই বর্ণাঢ্য প্যারেডে নিউইয়র্ক ও আশপাশের শহর থেকে আগত ভক্তরা ধর্মীয় আবেগে আপ্লুত হয়ে অংশগ্রহণ করেন। হারিনাম সংকীর্তন ও সম্মিলিত নামগানের মাধ্যমে ভক্তরা শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শোভাযাত্রা শেষে সমাপনী অনুষ্ঠানে ভক্ত সুশীল সিনহা অংশগ্রহণকারী সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের আন্তরিক কৃতজ্ঞতা জানান। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের আদর্শ প্রবাসে ছড়িয়ে দিতে এবং মতুয়া সমাজের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখতে প্রতিবছরের মতো এবারও এই ঐতিহ্যবাহী আয়োজন করা হয়েছে।”
প্রায় ৩০০-এর বেশি মানুষের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটি প্রবাসী মতুয়া সমাজে এক গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বন্ধন গড়ে তোলে। সংগঠনের একনিষ্ঠ, পরিশ্রমী এবং আত্মনিবেদিত ভক্তদের নিরলস প্রচেষ্টায় এই অনুষ্ঠান একটি হৃদয়স্পর্শী ও স্মরণীয় আয়োজন হিসেবে প্রতিষ্ঠা পায়।
নাম উল্লেখযোগ্য নিবেদিতপ্রাণ ভক্তবৃন্দ হলেন:
প্রনব রায় রনো, ইন্দ্রজিৎ সরকার, অরবিন্দ বিশ্বাস গোবিন্দ, সুশীল সিনহা, নীহার সরকার, শ্যাম দাস বৈদ্য, অসীম সরকার, পারিজাত দাশ, মতিলাল দাস, ডিপক দেবনাথ, পল্টু বিশ্বাস, অনিমেষ বালা, কমলেশ ঢালী, শিখা রানী ঠাকুর, কৃষ্ণা ঠাকুর, শৌরভী বৈদ্য, রতন মন্ডল, সুমিতা বিশ্বাস, শিবানী হীরা, শোভা ঘরামি, কিশোর হীরা, রামদাস ঘরামী, পবিত্র বিশ্বাস, কানন বিশ্বাস, বীনা, বিমল কর।
তাঁদের নিষ্ঠা, একাগ্রতা ও সংগঠনের প্রতি ভালবাসা এই অনুষ্ঠানকে প্রবাসে ধর্মীয়, সাংস্কৃতিক ও মানবিক ঐক্যের এক উজ্জ্বল উদাহরণে রূপান্তরিত করেছে। ৪ঠা জুলাইয়ের এই আয়োজন প্রবাসে বসবাসরত মতুয়া সমাজের আত্মিক বন্ধন ও পরিচয় সুরক্ষার এক অনন্য দলিল হয়ে থাকবে।



















