মানবতার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে—উদীচীর প্রতিবাদী অবস্থান, ৫ আগস্ট প্রতিবাদ সমাবেশের সম্ভাবনা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
“আমরা উদীচী, যেখানেই মানবতার অবমাননা, সেখানেই নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াবো, কিন্তু দাঁড়াবো আমাদের আপন শক্তিতে” — এই বিশ্বাস ও চেতনায় দৃঢ় অটল থেকে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদ, আবারও মনে করিয়ে দিচ্ছে—উদীচী কেবল একটি সাংস্কৃতিক সংগঠন নয়, এটি একটি গণতান্ত্রিক, মানবিক এবং প্রগতিশীল আন্দোলনের ধারক ।
কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় দাঁড়ানোর প্রয়োজন উদীচীর নেই, উদীচী বিশ্বাস করে জনগণের শক্তিতে, বিশ্বাস করে সংস্কৃতির সংগ্রামে,
বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধে যেমন উদীচী সোচ্চার ছিল, তেমনি বর্তমান সরকারের ভেতরে থাকা মুক্তিযুদ্ধবিরোধী, সাম্প্রদায়িক ও ধর্মান্ধ অপশক্তির যেকোনো কার্যকলাপের বিরুদ্ধেও সমানভাবে প্রতিবাদী।
বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি—জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি উদীচী আজীবন অঙ্গীকারবদ্ধ ।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে শুরু করে আজ অবধি দেশে যে ধারাবাহিকভাবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা হয়েছে, তার প্রতিবাদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদের পক্ষ থেকে ২০২৫ সালের ৫ আগস্ট, মঙ্গলবার সন্ধ্যায় একটি প্রতিবাদ সমাবেশ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।
এই সমাবেশ হবে মানবতার পক্ষে, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে, সকল নিপীড়িত মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়ানোর এক অভিন্ন উচ্চারণ ।
ক্ল্যারা রোজারিও
সভাপতি
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদ



















