বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরা সনাতনী ডিজে ও সংগীতশিল্পী কে এই সঞ্জয় দেব?
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন বাংলাদেশি সনাতনী বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয় দেব। কানাডার টরন্টোতে আয়োজিত বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজনে পারফর্ম করার পাশাপাশি নিজের পোশাকে বাংলাদেশের জাতীয় প্রতীক তুলে ধরে বিশ্বমঞ্চে দেশের সংস্কৃতি ও পরিচয়কে অনন্যভাবে উপস্থাপন করেছেন তিনি।
শুক্রবার (১২ জুন) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি হিপ-হপ শিল্পী ভেজিড্রিমের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করেন সঞ্জয় দেব। তারা একসঙ্গে পরিবেশন করেন ফিফার অফিসিয়াল গান ‘সির সির’ (Cir Cir)। গত ৮ জুন ফিফার ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানটি অল্প সময়েই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। প্রকাশের মাত্র চার দিনের মধ্যেই ভিডিওটি ৩ কোটি ৮৩ লাখের বেশি বার দেখা হয়েছে।
এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। উদ্বোধনী অনুষ্ঠানও বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। টরন্টো স্টেডিয়ামে কানাডার উদ্বোধনী ম্যাচের আগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী হিসেবে পারফর্ম করে ইতিহাস গড়েন সঞ্জয় দেব। অনুষ্ঠানে আরও অংশ নেন কানাডার জনপ্রিয় শিল্পী মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, জেসি রেয়েজ, ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা এবং আদিবাসী বংশোদ্ভূত শিল্পী উইলিয়াম প্রিন্স।
ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে শুরু হওয়া অনুষ্ঠানের সূচনায় কানাডার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশনা করেন উইলিয়াম প্রিন্স। এরপর নোরা ফাতেহি, ভেজিড্রিম ও সঞ্জয় দেবের প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।
তবে সঞ্জয়ের পারফরম্যান্সের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় আসে তার বিশেষভাবে তৈরি পোশাক। তার জ্যাকেটের ডান হাতার স্লিভে এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং জাতীয় পতাকার প্রতীকী নকশা। পারফরম্যান্সের সময় বারবার নিজের স্লিভের দিকে ইঙ্গিত করে তিনি বিশ্ববাসীর সামনে বাংলাদেশের পরিচয় তুলে ধরেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশের বাংলাদেশিদের মধ্যে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।
নিজের পারফরম্যান্সের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে সঞ্জয় দেব লিখেছেন, “My people, this is just the start of something beautiful.” অর্থাৎ, “আমার মানুষ, এটি কেবল সুন্দর এক যাত্রার শুরু।”
বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জন্ম নেওয়া সঞ্জয় দেব প্রায় দুই দশক আগে বাবা সন্তোষ দেব ও মা মিতা দেবের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। শৈশবের একটি বড় অংশ চট্টগ্রামেও কাটিয়েছেন তিনি। বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই শিল্পী বাংলা সংগীতের ধারা ও উপাদানকে আধুনিক ইলেকট্রনিক সাউন্ডের সঙ্গে মিশিয়ে আন্তর্জাতিক অঙ্গনে স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।
বিশ্বসংগীতের অঙ্গনে সক্রিয় থাকার পাশাপাশি বাংলাদেশের সংগীত জগতেও তার অবদান উল্লেখযোগ্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর থিম সংয়ে কাজ করেছেন তিনি। এছাড়া বলিউড তারকা শ্রেয়া ঘোষালসহ বিভিন্ন আন্তর্জাতিক শিল্পীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।
বাংলাদেশি শিল্পীদের মধ্যে হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমানের সঙ্গে একাধিক জনপ্রিয় গানে সংগীত প্রযোজনা করেছেন সঞ্জয়। তার প্রযোজনায় তৈরি ‘একলা দুনিয়া’, ‘ভুলে যাব’ এবং ‘আড়ালে হারালে’ গানগুলো ইউটিউবে লাখো দর্শকের প্রশংসা কুড়িয়েছে।
বিশ্বকাপের মতো বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব এবং জাতীয় প্রতীককে গর্বের সঙ্গে তুলে ধরার মাধ্যমে সঞ্জয় দেব নতুন করে আলোচনায় এসেছেন। অনেকের মতে, তার এই উপস্থিতি শুধু একজন শিল্পীর সাফল্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়ের এক গৌরবময় উপস্থাপনা। তথ্যসূত্র: ইন্টারনেট



















