নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রাইমারি জরিপে এগিয়ে “এন্ড্রু কুওমো”
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার (২৪ জুন)। এখন পর্যন্ত পরিচালিত প্রায় সব জনমত জরিপে এগিয়ে আছেন সাবেক গভর্নর ও সাবেক ফেডারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এন্ড্রু কুওমো। এবারের প্রাইমারিতে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত তিনজন হলেন এন্ড্রু কুওমো, জোহরান মামদানি ও ব্র্যাড ল্যান্ডার।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনপ্রিয়তার ভিত্তিতে কুওমো শুরু থেকেই সকল প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন। নিউইয়র্কের কুইন্সে ১৯৫৭ সালে জন্ম নেওয়া এন্ড্রু কুওমো ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন এবং অলবেনি ল স্কুল থেকে জ্যুরিস ডক্টর ডিগ্রি অর্জন করেন। তার পিতা, প্রয়াত গভর্নর মারিও কুওমোর নির্বাচনী ক্যাম্পেইনে যুক্ত হয়েই তার রাজনীতিতে পদার্পণ।
তিনি প্রথমে নিউইয়র্ক সিটির হোমলেস কমিশনের চেয়ারম্যান হন। এরপর প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে নিয়োজিত হন। ১৯৯৭ সালে তিনি নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন এবং ২০১০ সালে ৬০% ভোট পেয়ে গভর্নর পদে বিজয়ী হন। অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে ২০১৪ ও ২০১৮ সালে পুনরায় নির্বাচিত হন।
তবে কোভিড মহামারির সময় নার্সিং হোমে মৃত্যুর সংখ্যা গোপনের অভিযোগ ও কিছু ব্যক্তিগত স্ক্যান্ডালের জেরে তিনি গভর্নর পদ থেকে পদত্যাগ করেন। যদিও মহামারির সময় নিউইয়র্কবাসীর হতাশা দূর করতে তিনি প্রতিদিন সকালে জাতির উদ্দেশে প্রেরণাদায়ক ভাষণ দিতেন, যা সিএনএন-সহ জাতীয় গণমাধ্যমে সম্প্রচার হতো। এই উদ্যোগ তার জনপ্রিয়তা অনেক বাড়িয়ে দেয়।
সোমবার, ২৩ জুন বিকেল ৪টা ৩০ মিনিটে ম্যানহাটনের ৩৯৫ হিউস্টন স্ট্রিটে নিউইয়র্ক সিটির প্রধান লেবার ইউনিয়ন অফিসে এক নির্বাচনী সমাবেশে অংশ নেন এন্ড্রু কুওমো। এতে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সিনেটর জেসিকা রামুস, লেবার ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সিটি ও স্টেট প্রতিনিধি এবং বিভিন্ন কমিউনিটির নেতারা।
Watch video-
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি হিসেবে অংশ নেন বাপসনিউজ ও আইবিএননিউজ২৪.কম-এর প্রধান সম্পাদক, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। তিনি এন্ড্রু কুওমোর সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কুওমো তাকে ধন্যবাদ জানান অনুষ্ঠানটিতে অংশগ্রহণ এবং কমিউনিটির প্রতিনিধিত্ব করার জন্য।
সব জরিপই বলছে, এন্ড্রু কুওমো জয়লাভের দ্বারপ্রান্তে রয়েছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা, রাজনৈতিক দক্ষতা ও জনসম্পৃক্ততা এবার মেয়র নির্বাচনে তাকে সফলতা এনে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।



















