নিউইয়র্কে কনসাল জেনারেল মোজাম্মেল হক-এর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলের নতুন কনসাল জেনারেল মোজাম্মেল হক ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মোর্তজার সঙ্গে প্রবাসী সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৬টায় নিউইয়র্কের বাংলাদেশ কনসুলেট মিলনায়তনে অনুষ্ঠিত এই “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন কনসুলেটের হেড অব চ্যান্সারি ও কাউন্সিলর ইশরাত জাহান।
সভায় কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক ও প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নানা পদক্ষেপ এবং প্রবাসে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর সেবা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে প্রবাসীদের যথাযথ সম্মান ও সেবা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ।
বিশেষভাবে উল্লেখ করা হয়—প্রবাসীদের হয়রানি বন্ধে সরকারের কঠোর অবস্থান, প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে সদিচ্ছা, এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে চলমান উদ্যোগের কথা।
উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দুজন কূটনীতিকই। তারা বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের স্বার্থরক্ষায় এবং তথ্য আদান-প্রদান ও যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।



















