Logo

আন্তর্জাতিক    >>   গোপালগঞ্জে পরিকল্পিত গণহত্যার প্রতিবাদে নিউইয়র্কে দুই দিনের বিক্ষোভ সমাবেশ: ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি বক্তাদের

গোপালগঞ্জে পরিকল্পিত গণহত্যার প্রতিবাদে নিউইয়র্কে দুই দিনের বিক্ষোভ সমাবেশ: ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি বক্তাদের

গোপালগঞ্জে পরিকল্পিত গণহত্যার প্রতিবাদে নিউইয়র্কে দুই দিনের বিক্ষোভ সমাবেশ: ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি বক্তাদের

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে গুলি চালিয়ে চারজনকে হত্যা ও বহু মানুষকে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। ১৬ ও ১৭ জুলাই নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় দুই দিনব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’ এবং প্রবাসী গোপালগঞ্জবাসী।

সমাবেশে বক্তারা বলেন, গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী ও এনসিপি নেতারা যৌথভাবে এই নৃশংস হামলার নেপথ্যে রয়েছে। তারা এই হত্যাকাণ্ডের দায় এড়াতে পারে না এবং জনগণের কাছে এর জবাবদিহি করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারি বাহিনীর এমন বর্বর হামলা গণতন্ত্র ও মানবাধিকারের উপর সরাসরি আঘাত। বক্তারা শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসকে ‘অশান্তির জনক’ আখ্যা দিয়ে বলেন, গত ১১ মাসে মবক্র্যাসির নামে সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়েছে। এসব মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে।

সমাবেশে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহসভাপতি ড. প্রদীপ রঞ্জন কর, শাহ বখতিয়ার, সাধারণ সম্পাদক সামাদ আজাদ, সংগঠনের নেতা মাসুদ রহমান, নিউইয়র্কের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও গোপালগঞ্জের সন্তান নূরুজ্জামান সরদার প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন’-এর কবি ফকির ইলিয়াস, স্বীকৃতি বড়ুয়া, গোপাল স্যানাল, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী। বক্তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও জনগণের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে, যা এক গভীর রাজনৈতিক সংকটের প্রতিচ্ছবি।

সমাবেশে প্রবাসীরা ‘রুখে দাঁড়াও এসো তরুণ—জাতির পতাকা ফের খামচে ধরেছে সেই পুরনো শকুন’ শীর্ষক ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। ‘বাংলাদেশে গণহত্যা বন্ধ করো’, ‘ইউনূস পদত্যাগ করো’, ‘গোপালগঞ্জে মানুষ হত্যার জবাব দাও ওয়াকার’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠে জ্যাকসন হাইটসের ব্যস্ততম এলাকা ডাইভার্সিটি প্লাজা।

ভিডিও দেখুন:-

 

দুই দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গোপালগঞ্জে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের প্রতিটি গণতান্ত্রিক চেতনার মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করেন। একইসঙ্গে তারা অবিলম্বে গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন এবং বাংলাদেশের রাজনীতিতে ন্যায়বিচার ও মানবাধিকারের পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।

তথ‍্য সূত্র : সনজীবন সরকার ।