প্যাটারসনে বাংলাদেশ প্যারেড ও মেলা: শাহিন খালিকের নেতৃত্বে হাজারো মানুষের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ আয়োজন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত শনিবার (১৯ জুলাই ২০২৫) নিউ জার্সির প্যাটারসন সিটির বাংলাদেশি কমিউনিটিতে আনন্দের উৎসব ছড়িয়ে পড়েছিল বাংলাদেশ প্যারেড ও মেলার আয়োজনের মধ্য দিয়ে। বাংলাদেশ আমেরিকান কাউন্সিল অব নিউ জার্সির আয়োজনে অনুষ্ঠিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি রূপ নেয় প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম মিলনমেলায়।
দুপুর ৩টায় প্যাটারসনের ২য় ওয়ার্ডের কাউন্সিলম্যান শাহিন খালিকের নেতৃত্বে বাংলাদেশ প্যারেড শুরু হয়। বিপুল সংখ্যক গাড়ি, পতাকাবাহী মিছিল, এবং মানুষের সরব অংশগ্রহণে রঙিন হয়ে ওঠে পুরো শহর। দেশীয় সংস্কৃতির বহিঃপ্রকাশ ও ঐক্য প্রদর্শনে এই আয়োজন ছিল অনন্য।
অনুষ্ঠানে নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নিউ জার্সি পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিসসহ একাধিক সরকারি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যাটারসন সিটি কর্তৃপক্ষের সহযোগিতায় অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়।
শাহিন খালিকের নেতৃত্বে বাংলাদেশ আমেরিকান কাউন্সিল অব নিউ জার্সি এবং নিউ জার্সি ও আশপাশের বিভিন্ন বাংলাদেশি সংগঠনের সক্রিয় অংশগ্রহণ এই প্যারেড ও মেলাকে করে তোলে আরও তাৎপর্যপূর্ণ। প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতিচর্চা এবং নেতৃত্বের শক্তিশালী উদাহরণ হিসেবে এই আয়োজন প্রশংসিত হয় সর্বমহলে।
বিকেল ৬টায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে ইউএসএ-র প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও শিল্পী মহিতোষ তালুকদার এবং তাঁর শিল্পীবৃন্দ কোরাস পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন নিউইয়র্কের খ্যাতনামা নৃত্য সংগঠন ‘নৃত্যাঞ্জলি’র প্রতিষ্ঠাতা সভাপতি চন্দ্রা ব্যানার্জী ও তাঁর দল। তাদের পরিবেশিত নৃত্য দর্শকদের মুগ্ধ করে তোলে।
মূল আকর্ষণ হিসেবে মঞ্চে আসেন বাংলাদেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী প্রীতম হাসান ও প্রতীক হাসান। তাঁদের জনপ্রিয় গানে শ্রোতারা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। উৎসবে হাজারো দর্শক-শ্রোতা সপরিবারে অংশ নেন এবং অনুষ্ঠানস্থল হয়ে ওঠে উৎসবমুখর।
সমাপ্তি পর্বে কাউন্সিলম্যান শাহিন খালিক প্যাটারসন সিটির প্রশাসন, নিরাপত্তা বাহিনী, সকল সংগঠন এবং উপস্থিত হাজারো বাংলাদেশিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান শেষের ঘোষণা দেন।
এই আয়োজন প্রমাণ করেছে—প্রবাসেও বাংলাদেশিদের সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সংহতির শক্তি কতটা বিশাল ও প্রভাববিস্তারকারী।



















