যুক্তরাষ্ট্রে রুস্তম নামের ভারতীয় বংশোদ্ভূত পাইলট আটক
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ১০ মিনিট পর ককপিট থেকে ডেল্টা এয়ারলাইন্সের এক সহ-পাইলটকে আটক করা হয়েছে। আজ রবিবার (২৯ জুলাই) ৩৪ বছর বয়সী রুস্তম ভাগওগরকে এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আটক করা হয়েছে।
কনট্রা কোস্টা কাউন্টি শেরিফ বিভাগের কর্মকর্তারা এবং হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস-এর এজেন্টরা মিনিয়াপোলিস থেকে আগত ডেল্টা ফ্লাইট ২৮০৯ (বোয়িং ৭৫৭-৩০০) অবতরণ করার পরই প্লেনে ওঠেন। যাত্রীরা তখনো প্লেনের ভেতরেই ছিলেন, ঠিক সে সময় অভিযুক্তকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কমপক্ষে ১০ জন এজেন্ট গেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই প্লেনে ওঠেন এবং সরাসরি ককপিটে গিয়ে ভাগওগরকে হাতকড়া পরিয়ে আটক করেন। একজন যাত্রী জানান, এজেন্টরা ব্যাজ, বন্দুক এবং বিভিন্ন এজেন্সির চিহ্নসংবলিত পোশাক পরে আসনে বসা যাত্রীদের পাশ কাটিয়ে ককপিটে ঢুকে সহ-পাইলটকে আটক করেন।
ঘটনার সময় প্রধান পাইলট বলেন, তিনি এই আটকের বিষয়ে কিছুই জানতেন না। তদন্তকারীরা ইচ্ছাকৃতভাবে তাকে কিছু জানাননি, যাতে অভিযুক্ত পালাতে না পারেন। রুস্তম ভাগওগরের বিরুদ্ধে ১০ বছরের নিচের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি মার্টিনেজ ডিটেনশন ফ্যাসিলিটিতে আটক রয়েছেন এবং তার জামিনের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ ডলার।
ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, ডেল্টা বেআইনি আচরণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করবে। বিবৃতিতে আরও জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে। সূত্র: এনডিটিভি



















