বৃটেনের কার্ডিফে দারুল ক্বিরাত ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫ এর শুভ উদ্বোধন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
শুদ্ধ কুরআন শিক্ষার অগ্রণী প্রতিষ্ঠান দারুল ক্বিরাতের ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫ এর শুভ উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে বৃটেনের কার্ডিফ শহরে। ৩১ জুলাই স্থানীয় জালালিয়া মসজিদ অ্যান্ড ইসলামিক এডুকেশন সেন্টারে আয়োজিত উদ্বোধনী দারসে প্রধান মশক্ব প্রদান করেন শাখার নাজিম ও প্রধান ক্বারী, মসজিদের খতীব মাওলানা আব্দুল মুক্তাদির। বিশেষ দোয়া পরিচালনা করেন আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহজালাল মসজিদ অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাস্টি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান, সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, জালালিয়া মসজিদের সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া, সহকারী ইমাম হাফিজ মাওলানা জালাল উদ্দিন, ক্বারী মোজাম্মেল আলী, কমিউনিটি সংগঠক আব্দুল মালিক, ক্বারী মোশতাকুর রহমান মাছুম ও ক্বারী রাশেদ আহমদ প্রমুখ।
বক্তারা জানান, প্রতি বছরের মতো এবারও সামার হলিডে উপলক্ষে যুক্তরাজ্যের ৬৩টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এই ইনটেনসিভ তাজবীদ কোর্স। আগামী ২৪ আগস্ট, রবিবার কোর্স সমাপ্তি উপলক্ষে এওয়ার্ড ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বক্তারা এই অনুষ্ঠান সফল করতে মসজিদ কমিটি ও স্থানীয় কমিউনিটির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
শাহজালাল মসজিদের ট্রাস্টি মোহাম্মদ মকিস মনসুর বলেন, “আল্লামা ফুলতলী ছাহেব (রহ.) তাঁর জীবন উৎসর্গ করেছিলেন পবিত্র কুরআনের খেদমতে। তাঁরই প্রতিষ্ঠিত দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট আজ একটি আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে, যার মাধ্যমে বিশ্বব্যাপী বিশুদ্ধ কুরআন শিক্ষার আলো ছড়িয়ে পড়ছে।”
মাওলানা আব্দুল মুক্তাদির বলেন, “ফুলতলী ছাহেব কেবলার এই খেদমত আজ লক্ষ লক্ষ মানুষের জন্য আলোকবর্তিকা হয়ে উঠেছে। বাংলাদেশ থেকে শুরু হলেও এই খেদমত এখন ইউরোপ, আমেরিকা, লন্ডন ও মধ্যপ্রাচ্যেও বিস্তৃত।”
হাফিজ মাওলানা ফারুক আহমদ বলেন, “১৯৫০ সালে প্রতিষ্ঠিত দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের মাধ্যমে বিশ্বের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী কুরআন বিশুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করছে।”
ক্বারী মোজাম্মেল আলী বলেন, “গত এক দশকেরও বেশি সময় ধরে জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত কোর্সের মাধ্যমে নিয়মিত কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে অনেক ক্বারী তৈরী হয়েছেন এবং অসংখ্য শিক্ষার্থী শুদ্ধভাবে তেলাওয়াত শিখেছেন। এ বছর জামাতে সুরা থেকে জামাতে খামিস পর্যন্ত ক্লাস খোলা হয়েছে। এটি কার্ডিফবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়।”
পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
সংবাদদাতা:
কামরুল ইসলাম বাবু
কার্ডিফ, ওয়েলস, যুক্তরাজ্য



















