Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংবাদ সম্মেলনে ‘স্টুপিড’ মন্তব্যে উত্তেজনা

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংবাদ সম্মেলনে ‘স্টুপিড’ মন্তব্যে উত্তেজনা

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংবাদ সম্মেলনে ‘স্টুপিড’ মন্তব্যে উত্তেজনা

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশ সোসাইটির সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক পর্যায়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোসাইটির একজন সাবেক কর্মকর্তা ডা. ওয়াদুদ ভূঁইয়া আপত্তিকর শব্দ ব্যবহার করলে প্রবল ক্ষোভের মুখে পড়েন আয়োজকরা। পরে সভাপতি আতাউর রহমান সেলিম আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।


ঘটনাটি ঘটে ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আয়োজিত সংবাদ সম্মেলনে। লিখিত বক্তব্য পাঠ শেষে সাংবাদিকরা কবরস্থান কেনা, কমিউনিটি ভবন ক্রয়সহ নানা অনিয়ম নিয়ে প্রশ্ন তোলেন। ভবনটি কার নামে কেনা হবে, সেটি কি বর্তমান ভবন বিক্রি করে নেওয়া হবে, নতুন ভবনের আয়তন ও কাঠামো কেমন হবে—এমন নানা প্রশ্নের জবাবে সভাপতি আতাউর রহমান সেলিম, জ্যেষ্ঠ সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এ নিয়ে ভবিষ্যতে বিশেষভাবে আলোচনার জন্য সাংবাদিকদের ডাকা হবে। ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শাহনেওয়াজও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন এবং বলেন, ভবিষ্যতেও বিষয়টি নিয়ে বসা হবে।

তবে বিপত্তি ঘটে যখন ডা. ওয়াদুদ ভূঁইয়া প্রটোকল ভেঙে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নকে ‘স্টুপিড’ বলে অভিহিত করেন। সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে, শুরু হয় হৈ-হট্টগোল, কয়েকজন সাংবাদিক ক্ষিপ্ত হয়ে মঞ্চের দিকে এগিয়ে যান এবং বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। সাংবাদিকরা অভিযোগ করেন, ৫০ বছরে সোসাইটি মামলা, বিভেদ, ব্যক্তিগত কুৎসা ও অনিয়মের মাধ্যমে ভাবমূর্তি নষ্ট করেছে, অগ্রযাত্রা বাধাগ্রস্ত করেছে।


পরিস্থিতি সামাল দিতে সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শাহনেওয়াজসহ কয়েকজন কর্মকর্তা একের পর এক হাতজোড় করে ক্ষমা চান। শাহনেওয়াজ বলেন, সাংবাদিকদের প্রশ্ন সঙ্গত ছিল, ভবন কার নামে হবে তা জানার অধিকার তাদের আছে। এক ভিডিওতে দেখা যায়, একাধিক কর্মকর্তা প্রকাশ্যে দুঃখ প্রকাশ করছেন। শেষ পর্যন্ত সভাপতির আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার পর উত্তপ্ত পরিবেশ শান্ত হয়।
এই ঘটনার প্রতিক্রিয়ায় সাবেক কর্মকর্তা নাসির খান পল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বাংলাদেশ সোসাইটি মানেই হট্টগোল, মারামারি, গ্রেপ্তার ও বিশৃঙ্খলা, আজ পর্যন্ত যত অনুষ্ঠান হয়েছে সব জায়গায় একই অবস্থা। তার পোস্টে নাজিম উদ্দিন মন্তব্য করেন, অযোগ্য মানুষের সমাহার।
ঘটনাটি ঘিরে প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চলছে। এদিকে সোসাইটির সুবর্ণ জয়ন্তীর মহা-উদযাপন আগামী ২ নভেম্বর নিউইয়র্কের Terrace on the Park কনভেনশন হলে বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে সোসাইটির সাবেক ও বর্তমান কর্মকর্তা, ট্রাস্টি বোর্ড সদস্য ও সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির নেতাদের পাশাপাশি শুভেচ্ছা বক্তব্য দেন আজমল হোসেন কুনু, মোহাম্মদ হোসেন, ফখরুল ইসলাম প্রমুখ। সূত্র : সন্ধান