নিউইয়র্কে ড. ইউনূসের আগমন ঘিরে আওয়ামী লীগের মহা প্রতিরোধের ঘোষণা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্ক যাচ্ছেন। তাঁর এই সফরকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনগুলোর মধ্যে। ঘোষণা এসেছে, ইউনূস নিউইয়র্কে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তাঁকে কালো পতাকা প্রদর্শন এবং গো-ব্যাক স্লোগানে মুখর করা হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, ইউনূসের যেখানেই উপস্থিতি থাকবে সেখানেই আওয়ামী লীগের বিক্ষোভ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই বিভিন্ন শাখা, সহযোগী সংগঠন ও মুক্তিযোদ্ধা পরিষদগুলো কর্মসূচি গ্রহণ করেছে।
অন্যদিকে এনসিপির এক নেতা ইঙ্গিত দিয়েছেন, আওয়ামী লীগের কর্মীদের প্রতিরোধ কর্মসূচির জবাবও দেওয়া হবে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
গত ১৫ বছর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সবসময় সংবর্ধনা জানিয়েছে। এবার প্রথমবারের মতো সংগঠনটিকে ভিন্ন অবস্থান নিতে হচ্ছে। নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রজুড়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলন, মিছিল, সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন।
এর আগে ২৪ আগস্ট নিউইয়র্ক কনস্যুলেট অফিসে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম কালো পতাকা ও গো-ব্যাক স্লোগানের মুখে পড়েন। এমনকি কনস্যুলেটের সামনে ডিম ছোঁড়া হয়। সেই ঘটনার পর থেকে প্রতিদিনই নিউইয়র্কে আওয়ামী লীগের উদ্যোগে সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এবার ড. ইউনূসের সফরকে কেন্দ্র করে স্মরণকালের বৃহত্তম বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, অসাংবিধানিক ও অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ড. ইউনূস দেশে দমন-পীড়ন, খুন-হত্যা, মব সন্ত্রাস চালাচ্ছেন। সাধারণ মানুষের জীবন দিশেহারা, অর্থনীতি ধ্বংসপ্রায় হয়ে পড়েছে। অথচ সরকারের উপদেষ্টাদের সম্পদ ক্রমেই বাড়ছে। আন্দোলনের পথ রুদ্ধ করতে উগ্র ধর্মীয় ও জাতিগত বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো রাস্তায় নেমেছে।
এই প্রতিরোধ কর্মসূচিতে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণ, পশ্চিম, নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, শেখ হাসিনা মঞ্চ, আওয়ামী ফোরামসহ অসংখ্য সংগঠন।
নেতৃত্ব দিচ্ছেন ড. সিদ্দিকুর রহমান, ড. প্রদীপ রঞ্জন কর, মোহাম্মদ আলী সিদ্দিকী, শাহ বখতিয়ার আহম্মেদ, আব্দুল হাসিব মামুন, মহিউদ্দিন দেওয়ান, শাহনাজ মমতাজ, ইমদাদ চৌধুরী, হিন্দাল কবির বাপ্পা, নুরুজ্জামান সর্দার, কাজী আজিজুল হক খোকন, জয়নাল আবেদীন, হাজী এনাম, মো. সোলায়মান আলী, জাহাঙ্গির হোসেন, শেখ আতিকুল ইসলাম, সৈয়দ কিবরিয়া জামান, এ কে এম তারিকুল হায়দার চৌধুরী, শাহ সেলিম আহমদ, জেড এ জয়, জাহাঙ্গীর মিয়া প্রমুখ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে আগামী ২৩ সেপ্টেম্বর। এর একদিন আগে ২২ সেপ্টেম্বর ড. ইউনূস নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন। সফর শেষে ২ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। সূত্র: সন্ধান



















