জ্যাকসন হাইটসে ‘ফুচকা হাউস’— দেশীয় স্বাদের জমজমাট আড্ডাকেন্দ্র
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩তম স্ট্রিট ও ৩৭তম অ্যাভিনিউয়ের মোড়ে অবস্থিত জনপ্রিয় স্ট্রিট ফুড স্পট Fuska House এখন প্রবাসী বাঙালি ও দক্ষিণ এশীয় কমিউনিটির প্রাণের আড্ডাস্থল হয়ে উঠেছে। দেশীয় স্বাদের ফুচকা, চাট, ঝালমুড়ি ও অন্যান্য মুখরোচক খাবারের জন্য প্রতিদিন সন্ধ্যার পর থেকেই এখানে ভিড় জমে খাদ্যরসিকদের।
সপ্তাহের প্রতিদিনই জমে ওঠে এই আড্ডাকেন্দ্রটি, আর সপ্তাহান্তে যেন উৎসবমুখর পরিবেশ। কেউ আসেন বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দিতে, কেউ আবার ব্যস্ত দিনের শেষে খুঁজে ফেরেন প্রিয় দেশের স্বাদ।
ফুচকার সাথে জনপ্রিয় হয়ে উঠেছে এখানকার দই চাট, পানি পুরি, ঝালমুড়ি ও চায়ের বিশেষ স্বাদ— যা প্রবাসী জীবনেও এনে দেয় বাংলাদেশের রাস্তার ধারের সেই চেনা অনুভূতি।
এই ব্যবসার উদ্যোক্তা মোহাম্মদ রহমান (মাসুদ) বলেন, “তিল তিল করে গড়ে তোলা এই দোকানটা আজ অনেকের প্রিয় জায়গা। আমাদের কাস্টমাররা শুধু বাংলাদেশি নন, ভারত, পাকিস্তান, নেপাল ও অন্যান্য কমিউনিটিরও অনেক মানুষ আসেন এখানকার স্বাদ নিতে। পরিশ্রম, পরিচ্ছন্নতা ও আন্তরিক ব্যবহারের মাধ্যমেই আমরা এই ভালোবাসা অর্জন করেছি।”
তিনি আরও বলেন, “স্কুল-কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা, পরিবারগুলো— সবাই শপিং বা ঘুরতে বেরিয়ে এখানে এসে কিছুটা সময় কাটান। আমার সবচেয়ে বড় আনন্দ হলো, গ্রাহকদের মুখে তৃপ্তির হাসি দেখা। সেটাই আমার প্রেরণা।”
বাংলাদেশ স্ট্রিটের ঠিক অপর পাশে, 73th & 37th Ave-এর কর্নারে অবস্থিত এই ছোট্ট দোকানটি এখন নিউইয়র্কে বসবাসরত অনেক প্রবাসীর প্রিয় গন্তব্য। সাশ্রয়ী দাম, গরম গরম ফুচকা আর প্রাণবন্ত পরিবেশ যেন এক টুকরো বাংলাদেশকে বুকে ধারণ করে আছে।
মাসুদ বলেন,“আমি চাই সবাই আসুক, আমাদের দেশীয় স্বাদের আনন্দ উপভোগ করুক। ‘ফুচকা হাউস’ শুধু একটা দোকান নয়— এটা আমাদের প্রবাসী কমিউনিটির একটি আড্ডাকেন্দ্র।”ঠিকানা: Fuska House, 73th Street & 37th Ave, Jackson Heights, New York.জনপ্রিয় আইটেম: ফুচকা, দই চাট, পানি পুরি, ঝালমুড়ি ও চা। প্রবাসে থেকেও যদি দেশীয় স্বাদের আনন্দ নিতে চান, তাহলে ‘ফুচকা হাউস’ হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।



















