নিউইয়র্কে দক্ষিণ এশীয় ফ্যাশনের নতুন যাত্রা: জ্যামাইকা হিলসাইডে ‘প্রেমস কালেকশন’-এর বর্ণাঢ্য উদ্বোধন!
প্রজ্ঞা নিউজ ডেস্ক, জ্যামাইকা, নিউইয়র্ক | ৯ নভেম্বর ২০২৫ (শনিবার):
নিউইয়র্কের বহুজাতিক নগর জীবনে দক্ষিণ এশীয় ফ্যাশনকে নতুন মাত্রায় তুলে ধরতে জ্যামাইকা হিলসাইড এভিনিউয়ের 168-31 নম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘প্রেমস কালেকশন’। উদ্বোধনী দিনের জমকালো আয়োজন, ক্রেতা-দর্শনার্থীর উপচে পড়া ভিড় এবং কমিউনিটির বিশিষ্টজনদের উপস্থিতি নতুন এ ফ্যাশন হাউসকে আলাদা গুরুত্ব এনে দিয়েছে।
অনুষ্ঠানে কমিউনিটির পরিচিত মুখ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে নতুন প্রতিষ্ঠানের উদ্যোক্তাদের উৎসাহিত করেন। উজ্জ্বল আলোকসজ্জা, আকর্ষণীয় ডিসপ্লে এবং ব্যতিক্রমী সংগ্রহ উদ্বোধনী দিনটিকে রূপ দেয় উৎসবে।
‘প্রেমস কালেকশন -এর স্বত্তাধিকারী ফাহাদ সোলেমান প্রজ্ঞা নিউজকে বলেন,
“নিউইয়র্কের দক্ষিণ এশীয় কমিউনিটির দীর্ঘদিনের চাহিদা ছিল মানসম্পন্ন ভারতীয় পোশাকের নির্ভরযোগ্য ঠিকানা। বিশ্ববিখ্যাত ইন্ডিয়ান ফ্যাশন ব্র্যান্ডকে এখানে নিয়ে আসতে পেরে আমরা গর্বিত। আমাদের উদ্দেশ্য—নিউইয়র্কবাসীকে ঘরের কাছে আন্তর্জাতিক মানের পোশাকের অভিজ্ঞতা দেওয়া।”
তিনি আরও জানান, “এখন আর কেউ পছন্দের পোশাক কিনতে ভারতে যাওয়ার কষ্ট করবেন না। ‘প্রেমস কালেকশন’-এ পাওয়া যাবে নিত্যনতুন ডিজাইনের শাড়ি, লেহেঙ্গা, কুর্তা, গাউন, শিশু-কিশোরদের পোশাকসহ সব বয়সের মানুষের জন্য সমৃদ্ধ সংগ্রহ। গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিশেষ ডিজাইন অর্ডার নেওয়ার সুবিধাও থাকবে। আমরা গ্রাহকসেবায় সর্বোচ্চ গুরুত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উদ্বোধনী আয়োজনে আগত ক্রেতারা দোকানের সাজসজ্জা, পণ্যের মান এবং বৈচিত্র্যময় কালেকশন দেখে সন্তোষ প্রকাশ করেন। অনেকেই বলেন, নিউইয়র্কের দক্ষিণ এশীয় ফ্যাশন মার্কেটে ‘প্রেমস কালেকশন’ নতুন এক দিগন্ত খুলে দেবে।
বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে ‘প্রেমস কালেকশন’-এর প্রথম দিনের পথচলা যেমন সফল হলো, তেমনি উদ্যোক্তাদের প্রত্যাশা—এটি হয়ে উঠবে নিউইয়র্কে ভারতীয় ফ্যাশনপ্রেমীদের অন্যতম গন্তব্য।



















